৮ ঘণ্টার কাজ যথেষ্ট, বললেন রাধিকা মদন — দীপিকা!
বলিউডে সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছে এক বিতর্ক— দিনে কত ঘণ্টা কাজ করা যথাযথ? দীপিকা পাড়ুকোন যখন ছবির শুটিংয়ের সময়সীমা আট ঘণ্টায় বেঁধে দিতে চেয়েছিলেন, তখন থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা দীপিকার এই শর্ত মেনে না নিয়ে তাঁকে সরিয়ে দেন ছবির পরিকল্পনা থেকে। তারপর থেকেই সমাজমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা— একজন অভিনেত্রী কি নিজে কাজের সময় ঠিক করতে পারেন না?
এই বিতর্কে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী রাধিকা মদন। তিনি যেমন দীর্ঘ সময় কাজ করেছেন, তেমনই বিশ্বাস করেন— সব কিছু পরিকল্পনা মাফিক চললে, দিনে আট ঘণ্টায়ও সম্পূর্ণ কাজ সম্ভব।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, “হ্যাঁ, আমি নিজেও ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত কাজ করেছি। কিন্তু আমি দেখেছি, অনেক অভিনেতার জন্য কাজ ঠিকঠাক আট ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। তার মানে কী? আগেই পরিকল্পনা থাকে, কী শুট হবে, কখন হবে— সব কিছু সাজানো থাকে। তাই সময় নষ্ট হয় না, অপ্রয়োজনীয় কথাবার্তা কম হয়, কাজও ঠিক মতো এগোয়।”
এই প্রসঙ্গে রাধিকা আরও বলেন, “আমি সবসময় চেয়েছি কাজের সঙ্গে ব্যক্তিগত জীবনের একটা ভারসাম্য রাখতে। এটা খুব স্বাভাবিক চাওয়া। শুধু মেয়েরাই নয়, ছেলেরাও এই ভারসাম্য চায়। কিন্তু এখনও আমাদের ইন্ডাস্ট্রিতে নারী এবং পুরুষ তারকাদের সময় ব্যবস্থাপনায় বৈষম্য রয়েছে— এটাকে আমি খুব অদ্ভুত মনে করি।”
রাধিকার এই মন্তব্য অনেকের কাছেই গুরুত্বপূর্ণ বলেই বিবেচিত হচ্ছে, কারণ তিনি দীপিকার মতো বড় তারকা নন, তবু সাহস করে নিজের মত জানিয়েছেন। এবং তা শুধুমাত্র অভিনেত্রী হিসেবে নয়, একজন সচেতন পেশাদার হিসেবে।
দীপিকা পাড়ুকোনের পক্ষ থেকে যদিও এখনও এ নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি, তবে তাঁর ‘৮ ঘণ্টার শুটিং’ শর্ত ঘিরে নারীবাদ, পারিশ্রমিক, কাজের পরিবেশ— সব কিছু নিয়েই প্রশ্ন উঠেছে। পরিচালক বঙ্গার মন্তব্যে অনেকেই লিঙ্গবৈষম্যের গন্ধ পেয়েছেন। তিনি ‘নারীবাদ’ শব্দটি টেনে এনে বিষয়টিকে আরও বিতর্কিত করে তোলেন।
এই প্রেক্ষাপটে রাধিকার বক্তব্য যেন অনেক বেশি বাস্তবসম্মত ও ব্যালান্সড মনে হচ্ছে। তিনি কোনও দিকেই পক্ষপাত না দেখিয়ে শুধু যুক্তি দিয়ে বুঝিয়েছেন, কাজের সময় যদি আগেই পরিকল্পনা থাকে, তাহলে অনেকটাই সময়মতো কাজ শেষ করা সম্ভব।
এই মন্তব্য বলিউডে কাজের পরিবেশ নিয়ে নতুন করে আলোচনার দরজা খুলে দিল। দিনের পর দিন অতিরিক্ত সময় ধরে শুটিং চালানো কি সত্যিই প্রোডাকটিভ? নাকি সময়ের সদ্ব্যবহার করে কম সময়েই আরও ভালো ফল পাওয়া সম্ভব?
‘সইয়ারা’ নায়িকা আনিট পাড্ডার অদ্ভুত সৌন্দর্য পরীক্ষার গল্প