৪১ বলে অপরাজিত ৯১, ইনিংস শেষে চোখে জল হরমনপ্রীতের!!
ব্যাট হাতে দীর্ঘদিন বড় রান নেই। তার উপর কয়েক দিন আগেই সব ফরম্যাটে অধিনায়কত্ব হারিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত ইনিংস খেললেন ভারতের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক হরমনপ্রীত কৌর। মাত্র ৪১ বলে অপরাজিত ৯১ রান করার পর আবেগ ধরে রাখতে পারলেন না তিনি। ম্যাচ শেষে চোখের জল মুছতে দেখা গেল তাঁকে।
সাম্প্রতিক সময়ে ব্যাটিং ফর্ম নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন হরমনপ্রীত। শেষ ১০টি ম্যাচে একটিও অর্ধশতরান করতে পারেননি তিনি। এশিয়া কাপ ও এশিয়ান গেমসে ভারতীয় দল চ্যাম্পিয়ন হলেও তাঁর ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই আবহে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে এই ইনিংস নিঃসন্দেহে তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
৪১ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংসে ১০টি চার ও পাঁচটি ছক্কা মারেন হরমনপ্রীত। নিজের স্বাভাবিক ছন্দে ব্যাট করে বুঝিয়ে দেন, এখনও বড় ইনিংস খেলার ক্ষমতা রয়েছে তাঁর। ভারতের ইনিংস শেষ হওয়ার পর ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের অনুভূতির কথা জানান তিনি।
হরমনপ্রীত বলেন, “খুব ভাল লাগছে। শুধু নিজের খেলা উপভোগ করতে চেয়েছি। ক্রিজ়ে অনেকটা সময় কাটিয়েছি। সেটাই আসল লক্ষ্য ছিল।”
সেই সময় তাঁর সঙ্গে কথা বলছিলেন ডব্লিউভি রমন। একসময় ভারতীয় মহিলা দলের কোচ ছিলেন তিনি। নিজের ইনিংসের কৃতিত্ব রমনকেও দিয়েছেন হরমনপ্রীত। তাঁর কথায়, “আমি নিজের খেলা উপভোগ করছিলাম। যতটা সম্ভব লম্বা ইনিংস খেলতে চাইছিলাম। সেটা করতে পেরেছি। আমার মনে হয়, এর কৃতিত্ব আপনারও প্রাপ্য।”
কেন রমনকে কৃতিত্ব দিচ্ছেন, তার ব্যাখ্যাও করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি জানান, রমন যখন দলের দায়িত্বে ছিলেন, তখন তাঁকে নিজের মতো করে খেলার পরামর্শ দিয়েছিলেন। হরমন বলেন, “যে মুহূর্তে আপনি দলের দায়িত্ব নিয়েছিলেন, বলেছিলেন, ‘যাও, নিজের মনের মতো করে খেলো।’ সেটাই এখন আমি করার চেষ্টা করছি। কারও জন্য নয়, নিজের জন্য খেলছি। ওই পরামর্শের জন্য ধন্যবাদ।”
এশিয়ান গেমসের পর নিজের ব্যাটিং আরও উন্নত করতে নেটে অনেক সময় কাটিয়েছেন বলেও জানান হরমনপ্রীত। কঠোর পরিশ্রমের পাশাপাশি ব্যাটিং কোচ হিমাংশু ভাইয়ের অবদানের কথাও উল্লেখ করেন তিনি। হরমনের কথায়, অনুশীলনে তাঁর পিছনে অনেক পরিশ্রম করেছেন কোচ।
কোচকে ধন্যবাদ জানানোর সময়ই আবেগপ্রবণ হয়ে পড়েন হরমনপ্রীত। কথা বলতে গিয়ে থেমে যান তিনি। চোখের জল সামলানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আবেগ চাপা রাখতে পারেননি। কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে চলে যান ভারতের প্রাক্তন অধিনায়ক।
অধিনায়কত্ব হারানো এবং সাম্প্রতিক ব্যাটিং ফর্ম নিয়ে সমালোচনার মধ্যে এই ইনিংস হরমনপ্রীতের কাছে যে বিশেষ মুহূর্ত, তা তাঁর প্রতিক্রিয়াতেই স্পষ্ট। ৯১ রানের ঝোড়ো ইনিংস দিয়ে তিনি শুধু রানই করলেন না, নিজের সামর্থ্যের কথাও মনে করিয়ে দিলেন।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।