হকিতে পাকিস্তানকে হারাল ভারত!
ভারত-পাকিস্তান হকি ম্যাচ মানেই উত্তেজনা, লড়াই এবং শেষ মুহূর্ত পর্যন্ত টানটান পরিস্থিতি। এ বারও তার ব্যতিক্রম হল না। এফআইএইচ প্রো লিগের এক রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে জয় তুলে নিল ভারত। এই জয়ের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে গত এক দশকে অপরাজিত থাকার ধারাও আরও দীর্ঘ করল হরমনপ্রীত সিংহের দল।
গত ১০ বছরে পাকিস্তানের বিরুদ্ধে টানা ১৮টি ম্যাচে হারেনি ভারত। এর মধ্যে ১৬টি ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল, দু’টি ম্যাচ ড্র হয়েছে। মঙ্গলবার লন্ডনে হওয়া ম্যাচে অবশ্য শুরুটা ভারতের পক্ষে ছিল না। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুরন্ত প্রত্যাবর্তন করে জয় ছিনিয়ে নেয় তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। গত দু’টি অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী দলটি বলের দখল রেখে খেলছিল। কিন্তু খেলার গতির বিপরীতে প্রথম গোল করে পাকিস্তান। ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আহমেদ নাদিম গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন।
গোল খাওয়ার পর আরও আক্রমণ বাড়ায় ভারত। কিন্তু প্রথম দিকে পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। প্রথম কোয়ার্টারের শেষেও সুযোগ পেয়েছিল ভারত, তবে হরমনপ্রীতের শট আটকে দেন পাকিস্তানের গোলরক্ষক আলি রাজ়া।
দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। ২২ মিনিটে সমতা ফেরান অভিষেক নায়ার। দিলপ্রীত সিংহের শট পাকিস্তানের ডিফেন্ডার আটকানোর চেষ্টা করলেও ফিরতি বল পেয়ে গোল করেন অভিষেক। এর মাত্র দুই মিনিট পরই ভারতকে এগিয়ে দেন নীলকান্ত শর্মা। তাঁর শট এক পাক ডিফেন্ডারের স্টিকে লেগে জালে জড়িয়ে যায়।
বিরতির পরও ভারতের আক্রমণের ধার কমেনি। তৃতীয় কোয়ার্টারের ৪১ মিনিটে ব্যবধান বাড়ান সুখজিৎ সিংহ। পিছন দিকে থাকা অবস্থায় বল পেয়ে দুর্দান্ত ফ্লিকে গোল করেন তিনি। তাঁর এই গোল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকে।
চতুর্থ কোয়ার্টারে ভারত আরও একটি গোল করে ম্যাচ প্রায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন রাজিন্দর সিংহ। ফলে ভারত এগিয়ে যায় ৪-১ ব্যবধানে।
তবে ম্যাচ তখনও শেষ হয়নি। বড় ব্যবধানে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি পাকিস্তান। ভারতের কিছুটা শিথিলতার সুযোগ নিয়ে তারা চাপ বাড়াতে শুরু করে। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবু বাকের গোল করে ব্যবধান কমান।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফের গোল করে পাকিস্তান। নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র ১০ সেকেন্ড আগে মইন শাকিল ফিরতি বল ধরে গোল করেন। ফলে ব্যবধান কমে দাঁড়ায় ৪-৩। শেষ মুহূর্তে কিছুটা চাপ তৈরি হলেও ভারতের রক্ষণ আর কোনও ভুল করেনি।
শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। আক্রমণ, রক্ষণ এবং চাপ সামলানোর ক্ষমতা—সব মিলিয়ে হরমনপ্রীতদের এই জয় আত্মবিশ্বাস আরও বাড়াবে। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ অপরাজিত থাকার রেকর্ডও আরও শক্তিশালী হল এই জয়ে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?