এশিয়াড হকিতে প্রথম বার জোড়া সোনা ভারতের!
এশিয়ান গেমসের হকিতে ইতিহাস গড়ল ভারত। একই আসরে প্রথম বার পুরুষ এবং মহিলা—দুই বিভাগেই সোনা জিতল ভারতীয় দল। শনিবার মালয়েশিয়াকে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন হরমনপ্রীত সিংহেরা। সেই সঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের যোগ্যতাও অর্জন করল ভারত।
শুধু হকিতেই নয়, শনিবার একাধিক খেলায় সাফল্য এসেছে ভারতের। ছেলেদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সোনা জিতেছেন আমন সেহরাওয়াত। মেয়েদের ব্যক্তিগত রিকার্ভে সোনা জিতে নজির গড়েছেন ১৭ বছরের কুমকুম মোহদ। মেয়েদের গল্ফের ব্যক্তিগত বিভাগে সোনা এসেছে প্রণবী শরথের হাত ধরে। দিনের শেষে ভারতের ঝুলিতে যোগ হয়েছে পাঁচটি সোনা, দু’টি রুপো এবং দু’টি ব্রোঞ্জ।
মালয়েশিয়ার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত। তিন মিনিট পরেই অবশ্য সমতা ফেরায় মালয়েশিয়া। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয় কোয়ার্টারে ২৩ মিনিটে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করেন যুগরাজ সিংহ। ২-১ এগিয়ে বিরতিতে যায় ভারত। দ্বিতীয়ার্ধের শুরুতে একের পর এক পেনাল্টি কর্নার পেলেও গোল আসছিল না। ৪২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে হার্দিক সিংহ ব্যবধান বাড়ান। ৫৪ মিনিটে শিলানন্দ লাকরা ৪-১ করেন। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ভারতের জয় নিশ্চিত করেন হরমনপ্রীত।
তবে ১৪টি পেনাল্টি কর্নার পেয়েও মাত্র তিনটি থেকে গোল করতে পেরেছে ভারত। মালয়েশিয়ার রক্ষণ বার বার আটকে দিয়েছে ভারতীয় আক্রমণ।
এর আগে ছেলেদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সোনা জেতেন আমন সেহরাওয়াত। ফাইনালে উত্তর কোরিয়ার হান চং সংকে ১১-৭ হারান তিনি। এক সময় ৬-২ এগিয়ে গেলেও প্রতিপক্ষ লড়াইয়ে ফিরে ৭-৬ এগিয়ে গিয়েছিলেন। শেষ মিনিটে আমন আবার নিয়ন্ত্রণ নেন এবং ১১-৭ ব্যবধানে জিতে নেন সোনা। এই ইভেন্টে এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনা এটি।
মেয়েদের ৫৩ কেজি ফ্রিস্টাইলে অবশ্য রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছে অন্তিম পাঙ্ঘালকে। ফাইনালে জাপানের মো কিয়োকার কাছে ৯-১ হেরেছেন তিনি। ছেলেদের ৯৭ কেজিতে ব্রোঞ্জ পেয়েছেন দীপক পুনিয়া। ৬০ বছর পর এই ইভেন্টে এশিয়াড পদক পেল ভারত।
তিরন্দাজিতেও ইতিহাস গড়েছেন কুমকুম। মহিলাদের ব্যক্তিগত রিকার্ভে দক্ষিণ কোরিয়ার ইয়েজিন ও-কে হারিয়ে সোনা জিতেছেন তিনি। নির্ধারিত পাঁচ সেটের পর স্কোর ৫-৫ থাকায় শুট-অফে গড়ায় লড়াই। সেখানে প্রথম তিরেই ১০ পয়েন্ট তুলে সোনা নিশ্চিত করেন কুমকুম। প্রতিপক্ষ পান ৮।
মেয়েদের গল্ফের ব্যক্তিগত বিভাগে ১৫ আন্ডার ২৬৫ স্কোর করে সোনা জিতেছেন প্রণবী শরথ। এই ইভেন্টেও প্রথম ভারতীয় হিসাবে সোনা জয়ের নজির গড়েছেন তিনি। দলগত বিভাগে রুপো পেয়েছে ভারত। চিন ২২ আন্ডার ৫৩৮ স্কোর করে সোনা জিতেছে, ভারত শেষ করেছে ১৪ আন্ডার ৫৪৬-এ।
দিনের শেষে পুরুষদের ক্রিকেটেও পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতেছে ভারত। ২১১/৬ করার পর পাকিস্তানকে ১৯২/৬-এ আটকে দেন শ্রেয়স আয়ারেরা। অভিষেক শর্মা ২৮ বলে ৬১ এবং তিলক বর্মা ২২ বলে অপরাজিত ৫১ করেন। পাকিস্তানের হাসান নওয়াজ় ৫১ বলে ৯৬ করেও দলকে জেতাতে পারেননি।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।