চার দিনে দ্বিতীয় বার পাকিস্তানকে হারাল ভারত!
এফআইএইচ প্রো লিগ হকিতে পাকিস্তানের বিরুদ্ধে ফের দাপুটে জয় পেল ভারত। চার দিনের মধ্যে দ্বিতীয় বার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাল হরমনপ্রীত সিংহের দল। আগের ম্যাচে ৪-৩ ব্যবধানে জয়ের পর এ বার পাকিস্তানকে একেবারে উড়িয়ে দিল ভারত। ম্যাচের ফল ৭-১।
এই জয়ের ফলে গত ১০ বছরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের অপরাজিত থাকার ধারাও আরও দীর্ঘ হল। দু’দলের মধ্যে গত ১৯টি ম্যাচে ভারত হারেনি। এর মধ্যে ১৭টি ম্যাচে জয় এসেছে ভারতের, দু’টি ম্যাচ ড্র হয়েছে।
শুক্রবারের ম্যাচে অবশ্য শুরুটা ভারতের পক্ষে ছিল না। ১৩ মিনিটে সেট পিস থেকে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আবু মহম্মদ। তাঁর দুর্দান্ত ড্র্যাগ ফ্লিক আটকাতে পারেননি ভারতীয় গোলরক্ষক মোহিত। খেলার গতির বিপরীতে এগিয়ে যায় পাকিস্তান।
কিন্তু গোল খাওয়ার পরেই ঘুরে দাঁড়ায় ভারত। ২০ মিনিটে হরমনপ্রীতের শট সুখজিৎ সিংহের স্টিকে লেগে দিক বদলে জালে ঢুকে যায়। সমতা ফেরানোর পর আক্রমণের গতি বাড়ায় ভারত। ২৬ মিনিটে অধিনায়ক হরমনপ্রীতের দুর্দান্ত শটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারতীয় দল।
দ্বিতীয়ার্ধে পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় ভারত। ৩৩ মিনিটে পর পর দু’টি পেনাল্টি কর্নার পায় ভারত। পাকিস্তানের ডিফেন্ডার শরীর দিয়ে বল আটকানোর ফলে পেনাল্টি স্ট্রোক পায় তারা। ৩৫ মিনিটে সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান হার্দিক সিংহ।
এর পর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি পাকিস্তান। ৩৬ মিনিটে যুগরাজ সিংহের গোলে স্কোরলাইন হয় ৪-১। ৪১ মিনিটে অভিষেক ফিল্ড গোল করে ভারতকে আরও এগিয়ে দেন। ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রাজকুমার পাল ষষ্ঠ গোল করেন। শেষ পর্যন্ত ৫৪ মিনিটে দিলপ্রীত সিংহ সপ্তম গোল করে পাকিস্তানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
গত দু’টি অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় দল ইংল্যান্ডের কাছে শুট আউটে হারের ২৪ ঘণ্টার মধ্যেই দুর্দান্ত ভাবে ফিরে এল। আক্রমণ, রক্ষণ এবং সেট পিস— সব বিভাগেই পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ছিল হরমনপ্রীতদের দল।
এই জয় শুধু স্কোরলাইনের দিক থেকেই নয়, আত্মবিশ্বাসের দিক থেকেও ভারতের জন্য বড় প্রাপ্তি। প্রো লিগে পাকিস্তানের বিরুদ্ধে দাপট ধরে রেখে আগামী ম্যাচগুলির আগে আরও শক্তিশালী বার্তা দিল ভারতীয় হকি দল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?