টালিগঞ্জের পর থমকে গেল পরিষেবা
সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই অফিসযাত্রীদের জন্য নতুন দুশ্চিন্তা তৈরি করল কলকাতা মেট্রো। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের পথে হঠাৎই থমকে গেল পরিষেবা। মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ স্টেশনের পর আর মেট্রো চলছে না। টালিগঞ্জে নেমে যেতে বাধ্য হলেন সকলে। ফলে ব্যস্ত সময়ে চরম ভোগান্তির শিকার হলেন যাত্রীরা।
মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে, কবি নজরুল স্টেশনে একটি রেক খারাপ হয়ে গিয়েছে। তার জেরেই টালিগঞ্জের পর আর ট্রেন চালানো সম্ভব হয়নি। দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা আপাতত সচল থাকলেও, শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা পুরোপুরি বন্ধ। সোমবার সকাল ৮টা ৪৮ মিনিটে টালিগঞ্জ স্টেশনে প্রথম এই ঘোষণা শোনানো হয়। দক্ষিণেশ্বরের দিকের মেট্রোও টালিগঞ্জ থেকে ছাড়ছে। বিভিন্ন স্টেশনের টিকিট কাউন্টার থেকেও যাত্রীদের এই বার্তা জানানো হয়েছে।
তবে সমস্যা শুধু এখানেই থেমে নেই। বহু যাত্রী দাবি করেছেন, টালিগঞ্জ পর্যন্ত চলাচলেও নিয়মিত ব্যাঘাত ঘটছে। কোথাও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে ট্রেন, কোথাও আবার সিগন্যাল সমস্যার কারণে ঘোষণা করা হচ্ছে বিলম্বের। ময়দান স্টেশনে দাঁড়ানো একটি মেট্রোয় শোনা যায়, সিগন্যাল না থাকায় ট্রেন চলছে না। এর ফলে ভিড় জমছে প্রতিটি কামরায়, এমনকি অনেক ক্ষেত্রে দরজা বন্ধ করতেও সমস্যা হচ্ছে। হতাশ যাত্রীরা তাই বিকল্প পথে গন্তব্যে পৌঁছোনোর চেষ্টা শুরু করেছেন।
মেট্রো পরিষেবার এই ধারাবাহিক বিভ্রাট নতুন নয়। সম্প্রতি কবি সুভাষ স্টেশনে একটি পিলারে ফাটল ধরা পড়ায় ওই স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে শহিদ ক্ষুদিরাম এখন কার্যত প্রান্তিক স্টেশন। কিন্তু এই ব্যবস্থা সমস্যার সমাধান আনতে পারেনি। প্রতিদিনই যাত্রীরা কখনও সিগন্যাল সমস্যা, কখনও যান্ত্রিক গোলমালে নাজেহাল হচ্ছেন।
ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত নতুন রুট চালু হওয়ার পর যাত্রীসংখ্যা আরও বেড়ে গিয়েছে। অথচ পরিষেবার মান সেই তুলনায় উন্নত হয়নি। ফলে প্রতিদিনই চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মেট্রো। যাত্রীরা বলছেন, “ভরসা করে মেট্রো ধরলে সময়মতো পৌঁছোনোর গ্যারান্টি নেই। প্রায় প্রতিদিনই কিছু না কিছু সমস্যা দেখা দিচ্ছে।”
সামনে দুর্গাপুজো। সেই সময় শহরের যাত্রীচাপ আরও কয়েক গুণ বেড়ে যাবে। যাত্রীদের বড় অংশ তাই আশঙ্কা করছেন, উৎসবের মরসুমে যদি এমন সমস্যাই চলতে থাকে, তবে ভোগান্তি আকাশছোঁয়া হবে। পরিষেবা স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের আস্থা ফেরাতে দ্রুত পদক্ষেপের দাবি উঠছে সর্বত্র।
এক কথায়, কলকাতার দ্রুতগামী এই যাতায়াত ব্যবস্থায় যাত্রীদের ভরসা প্রতিদিনই নড়বড়ে হচ্ছে। টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা বন্ধ হওয়ার ঘটনা সেই উদ্বেগকেই আরও বাড়িয়ে দিল।
ওড়িশায় ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি, ১৩৯৬ কোটির প্রতারণা মামলায় উদ্ধার কোটি টাকার সম্পদ