সায়ন্তিকার পাশে দাঁড়ালেন মিমি!
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সকালটা আর পাঁচটা দিনের মতো শুরু হয়নি। রবিবার, ২২ জুন সকাল সাতটায় হারালেন তিনি তাঁর প্রাণের সবচেয়ে কাছের সঙ্গীকে— প্রিয় পোষ্য কুকুর সিরাজকে। অভিনেত্রী তথা বিধায়ক নিজেই এই মর্মান্তিক খবর ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে, চোখ ভিজেছে অনুরাগীদেরও।
বরাবরই পশুপ্রেমী সায়ন্তিকার কাছে সিরাজ ছিল শুধুই একটি পোষ্য নয়, ছিল পরিবারের অংশ, ছিল তাঁর ছোট সন্তান, কখনও বা জীবনের একমাত্র সান্ত্বনা। ইনস্টাগ্রামে সিরাজের সঙ্গে কাটানো একগুচ্ছ স্মৃতিময় মুহূর্তের ছবি পোস্ট করে সায়ন্তিকা লিখেছেন,
“সিরাজ, তোর আত্মার শান্তি কামনা করছি। তুই আমার হৃদয়টাও নিয়ে চলে গিয়েছিস। তোকে ছাড়া আমি আর কখনওই আগের মতো থাকতে পারব না। তুই ছিলি আমার গোটা পৃথিবী।”
সেই ছবিগুলিতে কখনও জানলার পাশে বসে একসঙ্গে সূর্য দেখতে দেখা যাচ্ছে সিরাজ আর সায়ন্তিকাকে, কখনও বা একসঙ্গে শুয়ে আদরে সময় কাটাতে। কোথাও আবার দু’জনের খুনসুটি, ভালোবাসায় মোড়া মুহূর্ত।
এই শোকভরা বার্তা মন ছুঁয়ে গিয়েছে টলিপাড়ার বহু মানুষকে। সহকর্মী এবং আর এক পশুপ্রেমী মিমি চক্রবর্তী মন্তব্য করেছেন,
“পরপারে সিরাজের সঙ্গে আবার আমাদের ঠিক দেখা হবে।”
মিমি নিজেও বহুদিন ধরে তাঁর পোষ্যদের নিয়ে শেয়ার করেন ছবি ও অনুভব। তাই সায়ন্তিকার যন্ত্রণাকে খুব কাছ থেকেই অনুভব করছেন তিনি।
শুধু মিমি নন, রান্নাবান্নার জগতের জনপ্রিয় মুখ সুদীপা চট্টোপাধ্যায়ও লিখেছেন,
“ও তোমার কাছে ঠিক ফিরে আসবে। অথবা এমন কাউকে পাঠাবে, যে তোমাকে এই শোক থেকে বের করে আনবে।”
এই ঘটনাকে ঘিরে বহু অনুরাগীও সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “সিরাজ এখন ভালো জায়গায় আছে, আপনার ভালোবাসার শক্তিই ওর শান্তি,” তো কেউ বলেছেন, “আমরা জানি, পোষ্য সন্তান হারানো কতটা যন্ত্রণার। আমরা আছি আপনার পাশে।”
সায়ন্তিকার এই ক্ষতি পুষিয়ে ওঠা সহজ নয়। যাঁরা পশুপ্রেমী, তাঁরা জানেন পোষ্য মানে কেবল ঘরের প্রহরী নয়, সে এক নীরব সহচর, যাঁর সঙ্গে প্রতিদিন জমে যায় হাজারটা স্মৃতি, নির্ভেজাল ভালোবাসা। সিরাজ ছিল সেই নিঃশর্ত ভালোবাসার প্রতীক।
এই শোকের মুহূর্তে সায়ন্তিকার পাশে দাঁড়িয়েছে গোটা ইন্ডাস্ট্রি। কিন্তু সিরাজের ফাঁকা জায়গাটা যে চিরকাল অপূরণীয়ই থেকে যাবে, সে কথা নিজেই বলে দিয়েছেন সায়ন্তিকা।
তিনটি প্রাণঘাতী অসুখে আক্রান্ত সলমন খান! মুখ খুলে জানালেন নিজের শারীরিক সংকটের কথা