সলমন-বিশ্নোই দ্বন্দ্ব নিয়ে তৈরি হচ্ছে ছবি!
বলিউড সুপারস্টার সলমন খানের জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে। তাঁর ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে একাধিক বিতর্ক— সবকিছুই বারবার শিরোনামে এসেছে। এবার সেই বিতর্কিত জীবনের অন্যতম আলোচিত অধ্যায়কে কেন্দ্র করেই তৈরি হচ্ছে নতুন চলচ্চিত্র ‘কালা হিরণ’।
পরিচালক ভরত এস শ্রীনাত এবং প্রযোজক অমতি জানির এই ছবির মূল বিষয় ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলা। সেই ঘটনার পর আইনি লড়াই, আদালতের রায়, জেলযাত্রা এবং পরবর্তী সময়ে বিশ্নোই সমাজের সঙ্গে সলমনের দীর্ঘদিনের বিরোধ— সবই ছবিতে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।
প্রযোজক অমতি জানির দাবি, ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন যোধপুরে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের কাছে অনেক তথ্য অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর ভাবে পৌঁছেছে। তাঁদের মতে, সেই ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট দর্শকদের সামনে তুলে ধরাই এই ছবির উদ্দেশ্য।
উত্তরপ্রদেশের সম্বল, মোরাদাবাদ-সহ একাধিক জায়গায় ইতিমধ্যেই ছবির শুটিং হয়েছে। শনিবার প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার। নির্মাতারা জানিয়েছেন, আগামী ২০ জুন মুক্তি পাবে ছবির টিজার।
তবে ছবি ঘোষণার পর থেকেই বলিউডে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, সলমন খানের জীবনের এত বিতর্কিত একটি অধ্যায়কে কেন কেন্দ্র করে ছবি বানানো হচ্ছে? এ প্রসঙ্গে নির্মাতাদের বক্তব্য, তাঁরা কোনও পক্ষ না নিয়ে ঘটনার বিভিন্ন দিক তুলে ধরতে চান।
সবচেয়ে বড় প্রশ্ন এখন— ছবিতে সলমন খানের চরিত্রে অভিনয় করছেন কে? যদিও নির্মাতারা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি, বলিউডে জোর গুঞ্জন অভিনেতা সোনু মিশ্র এই চরিত্রে অভিনয় করতে পারেন। উল্লেখযোগ্যভাবে, তিনি এর আগে সলমনের সঙ্গে ‘সিকন্দর’ ছবিতেও কাজ করেছেন।
‘কালা হিরণ’ মুক্তির আগেই তাই ছবিটিকে ঘিরে কৌতূহল ও বিতর্ক— দুটোই সমান তালে বাড়ছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?