সরকারের বিরোধিতা করায় বিশ্বকাপ দল থেকে বাদ? ইরান ফুটবলে নতুন বিতর্ক ঘিরে তোলপাড়

ইরান ফুটবলে নতুন বিতর্ক ঘিরে তোলপাড়! বিশ্বকাপের আগে আবারও বিতর্কে জড়াল ইরান ফুটবল। এ বার দেশের অন্যতম জনপ্রিয় ফুটবলার সর্দার আজ়মুনকে প্রাথমিক দল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে…

May 28, 2026
0 min read

ইরান ফুটবলে নতুন বিতর্ক ঘিরে তোলপাড়!

বিশ্বকাপের আগে আবারও বিতর্কে জড়াল ইরান ফুটবল। এ বার দেশের অন্যতম জনপ্রিয় ফুটবলার সর্দার আজ়মুনকে প্রাথমিক দল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেরই দাবি, শুধুমাত্র সরকারের বিরোধিতা করার কারণেই তাঁকে দলে রাখা হয়নি। বিষয়টি ঘিরে ইতিমধ্যেই ক্ষোভ ছড়িয়েছে সমর্থকদের মধ্যে।

ইরানের কোচ আমির ঘালেনোই সম্প্রতি বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। সেখানে জায়গা হয়নি দেশের অন্যতম সেরা স্ট্রাইকার আজ়মুনের। আন্তর্জাতিক ফুটবলে ইরানের হয়ে ৯১ ম্যাচে ৫৭ গোল করা এই ফুটবলারের বাদ পড়া অনেকের কাছেই বিস্ময়কর। কারণ, দীর্ঘ দিন ধরেই তিনি দলের আক্রমণের অন্যতম প্রধান মুখ ছিলেন।

ক্লাব ফুটবলেও যথেষ্ট পরিচিত নাম আজ়মুন। জার্মানির বায়ার লেভারকুসেন, ইতালির রোমা এবং রাশিয়ার জ়েনিত সেন্ট পিটার্সবার্গের মতো বড় ক্লাবে খেলেছেন তিনি। সেই অভিজ্ঞ ফুটবলারকে বিশ্বকাপের আগে হঠাৎ বাদ দেওয়ায় প্রশ্ন উঠছে দল নির্বাচনের স্বচ্ছতা নিয়ে।

ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমের দাবি, ইরানের রাজনীতিবিদ আব্দোলকরিম হোসেনজ়াদেহ প্রকাশ্যে কোচের কাছে আবেদন জানিয়েছেন যাতে আজ়মুনকে দলে ফেরানোর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হয়। তিনি এটিকে শুধু ফুটবল নয়, জাতীয় সংহতির প্রশ্ন বলেও উল্লেখ করেছেন।

এই বিতর্কের নেপথ্যে রয়েছে আজ়মুনের রাজনৈতিক অবস্থান। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তখন প্রকাশ্যে প্রতিবাদীদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। বিশেষ করে মহিলা আন্দোলনকারীদের সমর্থনে মুখ খুলে জানিয়েছিলেন, দেশের মেয়েদের অধিকারের জন্য প্রয়োজন হলে জাতীয় দল থেকেও বাদ পড়তে রাজি আছেন।

তার পর থেকেই ইরানের সরকারের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করা হয়। সম্প্রতি দুবাইয়ের শাসক মহম্মদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে তাঁর বৈঠকের ছবিও সামনে আসে। সেটিও ভাল চোখে দেখেনি ইরান প্রশাসনের একাংশ বলে খবর।

২০২৫ সালের জুন মাসের পর থেকে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি আজ়মুনকে। তাই অনেকেরই ধারণা, ফুটবলের বাইরের কারণই তাঁর দলে না থাকার নেপথ্যে কাজ করছে। যদিও ইরান ফুটবল ফেডারেশন বা কোচ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও মন্তব্য করেননি।

বিশ্বকাপের আগে এমন বিতর্ক ইরান দলের উপর কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।

স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *