‘কলকাতার মতো আড়ম্বর আর কোথায়!’ ছবির প্রচার শেষে পুজোয় মাতবেন মিমি, বিয়ের প্রশ্নে লাজুক হাসি নায়িকার

ছবির প্রচার শেষে পুজোয় মাতবেন মিমি! দুর্গাপুজো মানেই কলকাতার আলো, ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ আর বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা। অভিনেত্রী মিমি চক্রবর্তীর কাছেও পুজোর আনন্দের সঙ্গে জড়িয়ে রয়েছে শহর কলকাতা।…

October 9, 2026
1 min read

ছবির প্রচার শেষে পুজোয় মাতবেন মিমি!

দুর্গাপুজো মানেই কলকাতার আলো, ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ আর বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা। অভিনেত্রী মিমি চক্রবর্তীর কাছেও পুজোর আনন্দের সঙ্গে জড়িয়ে রয়েছে শহর কলকাতা। এ বার পুজোয় মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ছবির প্রচারপর্ব শেষ হলেই উৎসবে মেতে উঠতে চান তিনি। পাশাপাশি বিয়ের প্রসঙ্গ উঠতেই লাজুক হাসিতে বুঝিয়ে দিলেন, আপাতত ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কিছু বলতে নারাজ নায়িকা।

জলপাইগুড়িতে জন্ম ও বেড়ে ওঠা মিমির। কাজের সূত্রে কলকাতায় আসার পর থেকে শহরেই দুর্গাপুজো কাটান তিনি। এ বারও তার ব্যতিক্রম হচ্ছে না। মিমির কথায়, ‘‘ছবির প্রচার শেষ হলে পুজো নিয়ে মেতে ওঠার পালা। কলকাতার মতো এই আড়ম্বর আর কোথায়?’’ পাড়ায় পাড়ায় পুরনো দিনের গান, চারদিকে আলোর রোশনাই আর মানুষের উৎসবের আনন্দই তাঁর মন ভাল করে দেয়।

পুজোয় শাড়ি, সাবেক গয়না আর ধুনুচি নাচ

পুজোর আনন্দ শুধু ঘোরাঘুরিতে সীমাবদ্ধ রাখতে চান না মিমি। নিজের আবাসনের পুজোয় অঞ্জলি দেওয়া থেকে শুরু করে অন্যদের হাতে ফুল তুলে দেওয়া—সবেতেই অংশ নেন তিনি। উৎসবের দিনগুলিতে শাড়ি পরতে ভালবাসেন। সাবেক গয়নার প্রতি তাঁর বিশেষ টান রয়েছে। কখনও কখনও মায়ের গয়নাও পরেন।

বন্ধুদের সঙ্গে আড্ডা, খাওয়াদাওয়া এবং ঢাকের তালে ধুনুচি নাচ—এ বারের পুজোর পরিকল্পনায় সবই রয়েছে। পছন্দের শাড়ি পরে অঞ্জলি দেওয়ার অপেক্ষাতেও রয়েছেন অভিনেত্রী।

প্রথম বার সৃজিতের পরিচালনায় মিমি

এ বারের পুজোয় মিমির অন্যতম আকর্ষণ ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। দীর্ঘ দিনের পরিচয় থাকলেও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এই প্রথম কাজ করলেন তিনি। মাঝেমধ্যে কথা হলেও নানা কারণে একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। মিমির মতে, সব কিছুরই একটা সঠিক সময় থাকে।

ছবিতে আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে সুমিত্রার চরিত্রে দেখা যাবে তাঁকে। মিমি জানিয়েছেন, ‘গানের ওপারে’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র পুপের আদল মাথায় রেখেই সৃজিত তাঁর চরিত্রটি তৈরি করেছেন। একটি পিরিয়ড ছবিতে অভিনয়ের জন্য অনেক প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে। চরিত্রটিকে যথাযথ ভাবে ফুটিয়ে তোলার পাশাপাশি কারও ভাবাবেগে আঘাত না করার বিষয়েও সতর্ক ছিলেন তিনি।

অভিনেত্রীর কথায়, নতুন ছবির কাজ শুরু হওয়ার আগে এখনও তাঁর চিন্তায় ঘুম আসে না। এ বারও তার ব্যতিক্রম হয়নি। শুটিংয়ের সেটে নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যেতেন তিনি।

বিয়ে নিয়ে কী বললেন মিমি?

মিমির বিয়ে নিয়ে সম্প্রতি নানা জল্পনা শোনা যাচ্ছে। ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন অভিনেত্রী—এমন খবরও ছড়িয়েছে। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে হেসে মিমির জবাব, ‘‘আমিও শুনছি আমার বিয়ে।’’

জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষকে পছন্দ, সে প্রশ্নের উত্তরে মিমি জানিয়েছেন, তাঁর সঙ্গীকে ভাল মানুষ হওয়ার পাশাপাশি ভাল বন্ধুও হতে হবে। হতে হবে মজার মানুষ, যিনি তাঁর মতোই ঘুরতে ভালবাসবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাঁর সন্তানদের খুব ভালবাসতে হবে।

বিয়ের প্রসঙ্গ আরও এগোতেই মিমি মজার ছলে বলেন, অন্যের বিয়েতে খেতে তাঁর বেশ ভাল লাগে। তবে নিরামিষ খাবার যেন একটু বেশি রাখা হয়, কারণ তিনি মাছ-মাংস খান না। নিজের বিয়ের দিনক্ষণ নিয়ে অবশ্য আপাতত কোনও ঘোষণা নেই। হাসতে হাসতে তাঁর বক্তব্য, ‘‘যখন বিয়ে হবে, তখন বিয়ে নিয়ে ভাবব।’’

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *