‘ভয় করছে, তবে যুদ্ধ জয় করব’, প্রথম বার মঞ্চে দেবী দুর্গার ভূমিকায় দেবলীনা

প্রথম বার মঞ্চে দেবী দুর্গার ভূমিকায় দেবলীনা! প্রথম বার মঞ্চে দেবী দুর্গার রূপে ধরা দিতে চলেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। নতুন এই অভিজ্ঞতা নিয়ে যেমন উচ্ছ্বসিত তিনি, তেমনই মনে কাজ করছে…

October 9, 2026
1 min read

প্রথম বার মঞ্চে দেবী দুর্গার ভূমিকায় দেবলীনা!

প্রথম বার মঞ্চে দেবী দুর্গার রূপে ধরা দিতে চলেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। নতুন এই অভিজ্ঞতা নিয়ে যেমন উচ্ছ্বসিত তিনি, তেমনই মনে কাজ করছে ভয়ও। বর্ষীয়ান ও খ্যাতনামী শিল্পীদের সঙ্গে একই মঞ্চে নৃত্যনাট্যে অংশ নেওয়ার আগে নিজের সেই আশঙ্কার কথা অকপটেই জানালেন অভিনেত্রী। তবে ভয়কে জয় করেই মঞ্চে দুর্গা হয়ে ওঠার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।

৯ অক্টোবর কলকাতার মধুসূদন মঞ্চে আয়োজিত হচ্ছে ‘আগমনী ২০২৬’। ‘অবন্তীপুর ওম ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য-সহ নানা ধরনের পরিবেশনা থাকছে। স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের সঙ্গীত এবং কোহিনূর সেন বরাটের নৃত্যের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেবেন অলকানন্দা রায়, পলি গুহ, প্রীতি পটেল, সোমনাথ কুট্টী, অর্কদেব ভট্টাচার্য ও অসীমবন্ধু ভট্টাচার্যের মতো শিল্পীরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ নৃত্যনাট্য ‘অনন্তা’। শ্যামল মল্লিকের পরিচালনায় এই পরিবেশনায় দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে দেবলীনাকে। কিন্তু এত অল্প সময়ের প্রস্তুতিতে মঞ্চে এমন গুরুত্বপূর্ণ চরিত্র ফুটিয়ে তোলা যে সহজ নয়, তা স্বীকার করছেন অভিনেত্রী নিজেই।

দেবলীনা জানিয়েছেন, নৃত্যনাট্যটির জন্য মাত্র দু’টি মহড়া দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। ফলে মঞ্চে পরিবেশনা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েই গিয়েছে। তাঁর কথায়, “এই গোটা বিষয়টা তুলে ধরতে সকলের মধ্যে সামঞ্জস্য থাকা জরুরি। বেশ কঠিন নাচ। আমি সচরাচর ভয় পাই না। কিন্তু এ বার আমি কিছুটা ভয় পেয়েছি। সেই ভয় কাটিয়ে মঞ্চে দুর্গা হয়ে ওঠা এবং সবটা সফল ভাবে উপস্থাপন করা আমার কাছে যুদ্ধেরই মতো।”

অভিনেত্রীর মতে, এত অল্প প্রস্তুতিতে গোটা পরিবেশনা সফল করে তোলা প্রায় অসম্ভব বলেই মনে হতে পারে। তাই এই আয়োজনকে তিনি এক ধরনের যুদ্ধজয়ের সঙ্গে তুলনা করেছেন। দেবলীনার কথায়, “ঐশ্বরিক হস্তক্ষেপ ছাড়া এই অনুষ্ঠান মঞ্চস্থ করা সম্ভব না। তাই এ-ও এক যুদ্ধজয়ের মতোই।”

তবে দেবী দুর্গার কয়েকটি বৈশিষ্ট্যের সঙ্গে নিজের মিল খুঁজে পান দেবলীনা। তিনি মনে করেন, সাহসী মনোভাব, অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা এবং রোমাঞ্চের প্রতি আকর্ষণ তাঁর নিজের স্বভাবেরও অংশ। তাঁর কথায়, কোনও ঘটনা ঘটলে তিনি সবার আগে প্রতিবাদ করতে এগিয়ে আসেন। তবু এই প্রথম দুর্গার চরিত্রে মঞ্চে ওঠার আগে ভয় কাটিয়ে ওঠাই এখন তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

শুক্রবার সকালে গোটা দল মঞ্চে মহড়া দিয়েছে। এ বার দর্শকের সামনে সেই প্রস্তুতির ফল তুলে ধরার পালা। ভয় থাকলেও আত্মবিশ্বাস হারাতে নারাজ দেবলীনা। বরং চ্যালেঞ্জ গ্রহণ করে মঞ্চে দেবী দুর্গার চরিত্রকে সার্থক করে তোলাই তাঁর লক্ষ্য।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *