‘বিগ বস’ জয়ী গৌরব খন্নার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!
টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ও ‘বিগ বস ১৯’-এর বিজয়ী গৌরব খন্না এবং অভিনেত্রী আকাঙ্ক্ষা চমোলার দাম্পত্যে ভাঙনের খবর সম্প্রতি প্রকাশ্যে এসেছে। রিয়্যালিটি শো লকআপ-এ আকাঙ্ক্ষা জানান, গত এক বছর ধরে তাঁরা আলাদা থাকছেন। প্রায় এক দশকের সংসার ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকায় বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে বিনোদন জগতে। এরই মধ্যে গৌরবকে নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন আকাঙ্ক্ষার বাবা।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করে তিনি দাবি করেন, অভিনেতা হিসেবে গৌরব যতটা সফল, সংসারের দায়িত্ব পালনের ক্ষেত্রে ততটাই ব্যর্থ। তাঁর অভিযোগ, গৌরব নাকি স্ত্রীকে মানসিক সমর্থন দিতে পারেননি, এমনকি সংসারের আর্থিক দায়িত্বও ঠিকমতো নেননি।
আকাঙ্ক্ষার বাবার আরও দাবি, গত এক বছর ধরে তাঁর মেয়ে তাঁদের অন্ধেরির ফ্ল্যাটেই থাকছেন। এই সময়ের মধ্যে গৌরবের কাছ থেকে কোনও রকম সহযোগিতা পাননি তিনি। সন্তানের প্রসঙ্গেও তিনি ভিন্ন দাবি করেন। তাঁর কথায়, গৌরব নিজেও কখনও সন্তান চাননি। অথচ সংবাদমাধ্যমে এমনভাবে বিষয়টি তুলে ধরা হয়েছে, যাতে আকাঙ্ক্ষাকেই দায়ী করা যায় এবং গৌরব সহানুভূতি পান।
এর আগে ‘বিগ বস’-এ অংশ নেওয়ার সময় আকাঙ্ক্ষা প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি মা হতে চান না। অন্যদিকে, গৌরব বারবার বলেছিলেন, তিনি সন্তান ভালোবাসেন। সেই মতপার্থক্য নিয়েও তখন আলোচনা হয়েছিল। যদিও সে সময় তাঁরা নিজেদের সুখী দম্পতি হিসেবেই তুলে ধরেছিলেন।
কয়েক মাস আগে আকাঙ্ক্ষার একটি ওয়েব সিরিজ মুক্তি পায়, যেখানে তাঁর কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল। সেই কারণেও তাঁকে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে তাঁদের বিচ্ছেদের জল্পনা শুরু হলেও পরে দু’জনেই তা অস্বীকার করেছিলেন।
তবে এবার লকআপ-এ আকাঙ্ক্ষা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সম্পর্কের টানাপোড়েন আর লুকোনোর জায়গায় নেই। তাঁর কথায়, “আমাদের মধ্যে সব কিছু খারাপ হয়ে যায়নি। এখনও আমরা কথা বলি। কিন্তু জীবনসঙ্গী হিসেবে আমরা একে অপরের জন্য উপযুক্ত নই। গত এক বছর ধরে আলাদা রয়েছি, আর এই সিদ্ধান্ত আমরা দু’জন মিলে নিয়েছি।”
এখনও পর্যন্ত গৌরব খন্না তাঁর শ্বশুরের এই অভিযোগগুলির বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি। ফলে এই বিতর্কে তাঁর বক্তব্যের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?