শেফালির ঝোড়ো ব্যাটে ফের বিধ্বস্ত লঙ্কানরা!
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও কোনও রকম নাটকীয়তা ছাড়াই জয় তুলে নিল ভারত। বিশাখাপত্তনমে মঙ্গলবার আয়োজিত ম্যাচে একেবারে শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে রেখেছিলেন হরমনপ্রীত কৌর-এর মেয়েরা। আর সেই জয়ের সবচেয়ে বড় নায়ক হয়ে উঠলেন আগ্রাসী ওপেনার শেফালি বর্মা। তাঁর ব্যাটিং তাণ্ডবে কার্যত দিশেহারা হয়ে পড়ে শ্রীলঙ্কা।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে ৯ উইকেটে ১২৮ রান। জবাবে ভারত মাত্র ১১.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা খুব একটা স্বচ্ছন্দ ছিল না। নিয়মিত রান পাওয়া স্মৃতি মন্ধানা (১৪) এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর (১০) এ দিন বড় ইনিংস খেলতে পারেননি। তবে তাতে কোনও সমস্যা হয়নি, কারণ অন্য প্রান্তে দাঁড়িয়ে শেফালি একাই ম্যাচের ছবি বদলে দিচ্ছিলেন।
৩৪ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংসে ১১টি চার ও ১টি ছয় মারেন শেফালি। তাঁর ব্যাটিংয়ে গতি, শক্তি আর আত্মবিশ্বাস— তিনেরই ছাপ ছিল স্পষ্ট। পাওয়ারপ্লে থেকে শুরু করে মাঝের ওভার পর্যন্ত লঙ্কান বোলারদের কোনও সুযোগই দেননি তিনি। ম্যাচের শেষ বল পর্যন্ত ক্রিজ়ে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই তরুণ ওপেনার।
তাঁর সঙ্গে তিন নম্বরে নেমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জেমাইমা রদ্রিগেজ। সদ্য দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়া জেমাইমা ১৫ বলে ২৬ রান করেন, মারেন ৪টি চার ও ১টি ছক্কা। তাঁর দ্রুত রানের ইনিংস ভারতকে আরও স্বস্তিতে এনে দেয়। শেষে শেফালির সঙ্গে ক্রিজ়ে ছিলেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ, যিনি ১ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান হরমনপ্রীত। কিন্তু ইনিংসের শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে সফরকারীরা। অধিনায়ক চামারি আতাপাত্তু ২৪ বলে ৩১ রান করে কিছুটা লড়াই দেখালেও বড় জুটি গড়তে পারেননি কেউই। তিন নম্বরে নামা হাসিনি পেরেরা করেন ২২ রান, যদিও তার জন্য খেলতে হয় ২৮ বল। হর্ষিতা সমরবিক্রমা করেন ৩২ বলে ৩৩। এই তিন জন ছাড়া আর কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শ্রী চরণী— ২৩ রানে ২ উইকেট। বৈষ্ণবী শর্মাও ৩২ রানে নেন ২টি উইকেট। রান তোলার গতি কার্যত থামিয়ে দেন স্নেহ রানা। তিনি ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ১ উইকেট। ক্রান্তি গৌড়ের ঝুলিতেও আসে ১টি উইকেট।
সব মিলিয়ে দ্বিতীয় ম্যাচেও একতরফা আধিপত্য দেখাল ভারত। শেফালির ব্যাটিং ফর্ম আর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে সিরিজ় জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল হরমনপ্রীত কৌরের দল। এখন দেখার, বাকি ম্যাচগুলোয় শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ানোর কোনও রাস্তা খুঁজে পায় কি না।