তবে ক্যানসারের শঙ্কাও
মানবদেহের কোষ নিয়ে বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা চালাচ্ছেন। আমাদের শরীরের ক্ষত সারানোর এক নতুন প্রক্রিয়ার সন্ধান মিলেছে সম্প্রতি। গবেষণায় দেখা গিয়েছে, শরীরের ভিতরের কোষগুলি আঘাত বা সংক্রমণের পর এক অদ্ভুত প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের ভিতরে জমে থাকা বর্জ্য পদার্থ ‘বমি’ করে ফেলে দেয়। এই প্রক্রিয়া কোষকে আরও দ্রুত ক্ষত সারাতে সাহায্য করে।
আমেরিকার সেন্ট লুইয়ের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন এবং বেলর কলেজ অফ মেডিসিনের গবেষকরা ইঁদুরের উপর গবেষণা চালিয়ে এই তথ্য প্রকাশ করেছেন। তাঁদের মতে, আমাদের শরীরে কোনও আঘাত লাগলে বা সংক্রমণ হলে কোষের স্বাভাবিক কাজ হল ক্ষতিগ্রস্ত অংশ সারিয়ে তোলা। সাধারণত এ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত কোষ ধ্বংস হয় এবং নতুন কোষ গড়ে ওঠে। কখনও পুরনো কোষই নিজেকে ঠিক করে নিয়ে আবার সুস্থ টিস্যু তৈরি করতে সাহায্য করে।
কিন্তু এই নতুন গবেষণায় জানা গিয়েছে, আঘাত বা সংক্রমণের সময় কোষ প্রথমে বর্জ্য পদার্থ বের করে ফেলে এবং তারপর ধীরে ধীরে স্টেম সেলের মতো অবস্থায় ফিরে আসে। বিজ্ঞানীরা এই প্রক্রিয়ার নাম দিয়েছেন ‘ক্যাথারটোসাইটোসিস’। একে ‘বর্জ্য বমি’ প্রক্রিয়া বলা হচ্ছে। বিখ্যাত বিজ্ঞান সাময়িকী সেল রিপোর্টস-এ এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।
গবেষণার অন্যতম সদস্য চিকিৎসক জেফ্রি ব্রাউন জানান, “যে কোনও আঘাতের পর আমাদের কোষের স্বাভাবিক কাজ হল ক্ষত সারানো। কিন্তু প্রাপ্তবয়স্ক কোষ অনেক সময় এতে বাধা সৃষ্টি করে। তখনই ‘ক্যাথারটোসাইটোসিস’ কার্যকর হয়। এই প্রক্রিয়া কোষকে ছোট ও কার্যকর অবস্থায় ফিরিয়ে আনে। আমরা অন্ত্রে এই প্রক্রিয়া লক্ষ্য করেছি, তবে এটি শরীরের অন্যান্য টিস্যুতেও হতে পারে।”
তবে গবেষকরা সতর্ক করেছেন, এই দ্রুত ও কার্যকর প্রক্রিয়ার কিছু নেতিবাচক দিকও রয়েছে। যেহেতু প্রক্রিয়াটি বেশ বিশৃঙ্খল, তাই দীর্ঘস্থায়ী অসুস্থতা বা সংক্রমণের ক্ষেত্রে এটি উল্টো ক্ষতি করতে পারে। কোষের ভুল প্রতিক্রিয়া প্রদাহ বাড়াতে পারে, এমনকি ক্যানসারের জন্মও দিতে পারে। তাঁদের মতে, ‘ক্যাথারটোসাইটোসিস’-এর সময় নির্গত বর্জ্যের বিশ্লেষণ ভবিষ্যতে ক্যানসার শনাক্তকরণের ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করতে পারে।
এই আবিষ্কার মানবদেহের কোষীয় কার্যকলাপের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, এই প্রক্রিয়ার গভীরে আরও গবেষণা করা জরুরি। ক্ষত সারানোর এই শর্টকাট পদ্ধতি ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানে নতুন চিকিৎসা কৌশল তৈরি করতে পারে।
ওড়িশায় ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি, ১৩৯৬ কোটির প্রতারণা মামলায় উদ্ধার কোটি টাকার সম্পদ