রসুন কাটার ধরনেই লুকিয়ে আছে স্বাদের রহস্য!
রান্নাঘরে রসুন এমন এক উপাদান, যা অল্প দিয়েই স্বাদের আমূল পরিবর্তন ঘটাতে পারে। কখনও ঝাঁঝালো, কখনও হালকা মিষ্টি, আবার কখনও কড়া স্বাদ এনে দেয় এই ছোট্ট কোয়াগুলো। কিন্তু আশ্চর্যের বিষয় হল, একই রসুন ভিন্ন ভিন্ন স্বাদ দেয় কেবল কাটার ধরন বদলালেই। আসলে এর নেপথ্যে আছে এক বিশেষ বৈজ্ঞানিক কারণ।
রসুনের ভেতরের বিজ্ঞান
রসুনের কোয়ার ভেতরে থাকে অ্যালিসিন নামের একটি সালফারযুক্ত যৌগ। এই অ্যালিসিনই রসুনকে তার বিশেষ স্বাদ ও সুবাস দেয়। তবে অ্যালিসিন তৈরি হয় তখনই, যখন রসুনের কোষ ভাঙে। অর্থাৎ রসুন কাটা, থেঁতো করা বা বাটা হলে এক ধরনের এনজ়াইম (অ্যালিনেজ়) নিঃসৃত হয়, যা অ্যালিন নামের আরেকটি যৌগের সঙ্গে মিশে অ্যালিসিন তৈরি করে। রসুন যত বেশি কাটা বা থেঁতো করা হবে, তত বেশি অ্যালিসিন বেরোবে এবং স্বাদ হবে ততটাই তীব্র।
কাটার ধরন অনুযায়ী রসুনের স্বাদ
১. আস্ত কোয়া
রসুনকে যদি একেবারেই না কেটে বা না থেঁতো করে রান্নায় দেওয়া হয়, তবে তাতে ঝাঁজ প্রায় থাকে না। রান্নায় মিশে যায় এক হালকা সুবাস আর মৃদু মিষ্টি স্বাদ। ঝোল বা স্ট্যুর মতো পদে এটি ভালো মানায়।
২. ফালি করা রসুন
পাতলা করে ফালি করলে রসুনের কোষ খানিকটা ভাঙে। ফলে স্বাদ মৃদু ঝাঁঝালো হলেও তা কখনও অতিরিক্ত হয় না। যেসব পদে হালকা ঝাঁজ চাই, সেগুলির জন্য এই ধরন উপযুক্ত।
৩. কুচি করা রসুন
রসুন ছোট ছোট কুচি করলে কোষ অনেকটা ভেঙে যায়। এতে ঝাঁজ স্পষ্ট হয় এবং স্বাদও অনেকটা বাড়ে। ভাজা, কষানো কিংবা মশলাদার তরকারিতে কুচি করা রসুন ব্যবহার করলে খাবারের স্বাদ আরও জমে ওঠে।
৪. থেঁতো করা বা বাটা রসুন
সবচেয়ে বেশি ঝাঁজ ও তীব্র গন্ধ পাওয়া যায় এইভাবে ব্যবহার করলে। কারণ এতে কোষ পুরোপুরি ভেঙে যায় এবং সর্বাধিক অ্যালিসিন বেরোয়। ঝাল বা ঘন মশলাদার রান্নায় থেঁতো বা বাটা রসুন একেবারে অনবদ্য।
রন্ধনে রসুনের ব্যবহার: স্বাদ নিয়ন্ত্রণের কৌশল
প্রতিটি রান্নার নিজস্ব স্বাদ ও ঘ্রাণ থাকে। সেই স্বাদকে আরও নিখুঁত করতে রসুনের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি হালকা সুবাস চান তবে আস্ত কোয়া যথেষ্ট। একটু ঝাঁজ চাইলে কুচি করুন, আর গাঢ় ও তীব্র স্বাদের জন্য ব্যবহার করুন বাটা বা থেঁতো করা রসুন।
রসুন কেবল রান্নার একটি উপকরণ নয়, বরং এটি রান্নায় স্বাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করার এক অসাধারণ হাতিয়ার। তাই কোন পদে কোন ধরনের রসুন ব্যবহার করবেন, সেটিই ঠিক করে দেবে আপনার রান্নার সাফল্য।
জমি কেনার নামে শত কোটির সম্পত্তি দখলের চেষ্টা? বাঁকে বিহারী মন্দিরকে ঘিরে উত্তাপ