জাহ্নবী কপূরের দিনলিপি!
কখনও নতুন ফ্যাশন শো-র পোশাকে, কখনও কানের চলচ্চিত্র উৎসবে ঝলমলে উপস্থিতি, আবার কখনও নতুন ছবির শুটিং ফ্লোরে ব্যস্ত—শ্রীদেবীর কন্যা জাহ্নবী কপূর এখন বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। মাত্র ২৮ বছর বয়সেই তিনি একদিকে সাফল্যের শিখরে, অন্যদিকে ক্যারিয়ারের চাপ, মানসিক স্ট্রেস আর ব্যস্ত সময়সূচি সামলাতে গিয়ে সুস্থতা ও সৌন্দর্য ধরে রাখা তাঁর কাছে এক বড় চ্যালেঞ্জ। তাই জাহ্নবীর দিনলিপি যেন শৃঙ্খলা ও যত্নের এক নিখুঁত উদাহরণ।
সম্প্রতি তিনি একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে অনুরাগীরা দেখতে পেয়েছেন তাঁর একদিনের ব্যস্ত রুটিন। ‘পরম সুন্দরী’ ছবির শুটিংয়ের মাঝেই তিনি জানালেন, কীভাবে স্বাস্থ্য ও ত্বকের যত্ন একসঙ্গে সামলান।
দিনের শুরু প্রোটিন স্মুদিতে
জাহ্নবীর দিনের প্রথম টিপস—শরীরচর্চার আগে প্রোটিন স্মুদি। এর ফলে ব্যায়ামের সময় শক্তি বাড়ে এবং শরীরের সহনশক্তি বজায় থাকে। ফাঁকা পেটে ব্যায়াম না করে তিনি আগে খানিকটা প্রোটিন শরীরে নেন।
ঘরোয়া উপায়ে ত্বকচর্চা
শরীরচর্চার আগে-পরেই ত্বকের যত্ন নিতে ভুল করেন না জাহ্নবী। প্রথমে লাগান ঘরোয়া ফেসপ্যাক—যেখানে থাকে মালাইভরা দই, মধু আর চটকে রাখা কলা। কখনও আবার কমলালেবুর রস দিয়ে আলতো ঘষে নেন মুখে, যা ত্বককে উজ্জ্বল করে। ফেসপ্যাক ধুয়ে ফেলার পর চোখের নীচে নিয়মিত বাদামের তেল ব্যবহার করেন তিনি।
ফিটনেস রুটিন: কার্ডিয়ো ও পিলাটিজ়
ফিটনেস মেনুতে কার্ডিয়ো এবং পিলাটিজ় জাহ্নবীর স্থায়ী সঙ্গী। ট্রেডমিলে দৌড়ানো, পিলাটিজ়ের নিখুঁত মুভমেন্ট শরীরকে নমনীয় ও ভারসাম্যপূর্ণ রাখে। শুধু ক্যালোরি ঝরানো নয়, মানসিক চাপও অনেকটাই কমে।
হালুমি চিজ়ে শরীর-মন খুশি
ওয়ার্কআউট শেষে খাবারের তালিকায় থাকে হালুমি চিজ়। সাইপ্রাসের এই বিশেষ চিজ় প্রোটিনে ভরপুর, বিশেষত যাঁরা মাংস খান না তাঁদের জন্য এটি এক দুর্দান্ত বিকল্প। ভেজে খাওয়া এই চিজ় জাহ্নবীর পছন্দের খাবার।
বরফজলে টানটান ত্বক
ব্যস্ত দিন শেষে তিনি ব্যবহার করেন সহজ এক কৌশল—বরফজলে মুখ ডুবিয়ে রাখা। এতে ত্বক হয় সতেজ, টানটান ও উজ্জ্বল।
জাহ্নবীর যত্নের মূলমন্ত্র
ব্যস্ততা যতই থাকুক, নিয়ম মেনে খাওয়া, ব্যায়াম এবং প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্নই জাহ্নবীর যৌবন ধরে রাখার আসল রহস্য। তাঁর মতে, সমস্যায় পড়ে সমাধান খোঁজার চেয়ে আগে থেকেই যত্ন নেওয়াই বেশি জরুরি।
সাফল্য আর আভিজাত্যের ঝলকানির আড়ালে জাহ্নবীর এই যত্নশীল জীবনযাপনই প্রমাণ করে—সৌন্দর্য কেবল বাইরের নয়, বরং শৃঙ্খলা, সুস্থতা আর আত্মবিশ্বাস থেকেই জন্ম নেয় আসল দীপ্তি।
মুম্বই বিমানবন্দরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইন্ডিগো বিমানের যাত্রীরা