কুনজর’ এড়াতে টোটকা নিয়েই হাজির জাহ্নবী কপূর!
কান চলচ্চিত্র উৎসব মানেই গ্ল্যামার, ফ্যাশন আর আন্তর্জাতিক সিনেমার রঙিন মিলনমেলা। এ বছর এই লাল গালিচায় প্রথমবার পা রাখলেন বলিউড তারকা জাহ্নবী কপূর। কিন্তু শুধু সৌন্দর্য বা পোশাকের জন্য নয়, জাহ্নবী আলোচনায় এলেন আরও একটি বিশেষ কারণে— ‘কুনজর’ বা নজরদোষ থেকে নিজেকে বাঁচাতে বিশেষ এক টোটকা সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি!
জাহ্নবীর লাল গালিচায় পা রাখার সাজ দেখে চোখ আটকে গিয়েছিল অনেকেরই। ধূসর-গোলাপি বেনারসি টিস্যুতে মোড়া পোশাকে যেন ধরা দিয়েছিলেন এক আধুনিক ভারতীয় রূপকথার রাজকুমারী। এই পোশাকটি ডিজাইন করেছিলেন তরুণ তাহিলিয়ানি। তাঁর সাজের অন্যতম আকর্ষণ ছিল মাথার ঘোমটা, যা অনেককেই স্মরণ করিয়ে দিয়েছিল তাঁর প্রয়াত মা শ্রীদেবীর স্টাইলকে।
কিন্তু এই দৃষ্টিনন্দন উপস্থিতির আড়ালেও ছিল একটা নিঃশব্দ সতর্কতা— জাহ্নবীর হাতে বাঁধা একটি কালো সুতো। এই সাধারণ দেখতে জিনিসটিই ছিল জাহ্নবীর ‘কুনজর’ এড়ানোর টোটকা।
জাহ্নবী নিজে বিশ্বাস করেন, অতিরিক্ত প্রশংসা, ঈর্ষা কিংবা নেতিবাচক দৃষ্টির প্রভাব মানুষের উপর খারাপ প্রভাব ফেলতে পারে— যাকে অনেকেই বলেন নজরদোষ। তাই লাল গালিচার আলোয় স্নান করার আগে নিজেকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করতেই তিনি এই সুরক্ষার ব্যবস্থা নিয়েছিলেন।
বাঙালিদের মধ্যে যেমন ‘নজর কাটার’ জন্য কালো টিপ, লাল সুতা বা কয়লা ব্যবহারের রীতি রয়েছে, তেমনই বহু ভারতীয় পরিবারে এখনও হাত বা পায়ে কালো সুতো পরার প্রচলন রয়েছে। জাহ্নবীর এই ছোট টোটকাটি তাই অনেক অনুরাগীর কাছেই হয়েছে ভীষণ আপন এবং সাদর প্রশংসিত।
২০ মে সন্ধ্যায় কান-এর লাল গালিচায় জাহ্নবী হাজির হন তাঁর নতুন আন্তর্জাতিক ছবি ‘হোমবাউন্ড’-এর সহ-অভিনেতা ঈশান খট্টর এবং বিশাল জেঠওয়ার সঙ্গে। সঙ্গে ছিলেন ছবির পরিচালক নীরজ ঘেওয়ান ও প্রযোজক কর্ণ জোহর। ছবিটির মাধ্যমেই জাহ্নবী আন্তর্জাতিক মঞ্চে নিজের নতুন ইনিংস শুরু করলেন।
জাহ্নবীর স্টাইল, আত্মবিশ্বাস এবং মাটির কাছাকাছি থাকা মানসিকতা একসঙ্গে যেন এক নতুন প্রতিচ্ছবি তুলে ধরল। যতই তিনি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পা রাখুন না কেন, নিজের শিকড়, বিশ্বাস আর সংস্কৃতিকে সঙ্গে নিয়েই এগিয়ে চলার এই ছোট অভ্যেসটি আজ তাঁকে আরও কাছের করে তুলেছে দর্শকের কাছে।
বলিউডের গ্ল্যামার আর বাস্তব জীবনের মাঝে যে টানাপড়েন চলে, সেখানেই জাহ্নবীর এই সাবলীল ভারসাম্য যেন নতুন প্রজন্মের কাছে হয়ে উঠল অনুপ্রেরণার গল্প।
কান চলচ্চিত্র উৎসবে ঘোমটা ঢাকা জাহ্নবী! লাল গালিচায় মা শ্রীদেবীর ছায়া যেন ফিরল মেয়ে রূপে