যাদবপুরের বয়েজ হস্টেলে ‘দেশবিরোধী’!
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ডিভিশন বয়েজ হস্টেল চত্বরে আপত্তিকর ও ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন এবং ছবি থাকার অভিযোগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তাঁর অভিযোগ সেলে বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়ার তরফে এ বিষয়ে অভিযোগ জমা পড়েছে। অভিযোগের সঙ্গে কয়েকটি ভিডিয়ো ও ছবিও তাঁর কাছে পৌঁছেছে বলে দাবি করেছেন তিনি।
সোমবার রাতে সমাজমাধ্যমে সেই সব ‘আপত্তিকর’ ছবি ও ভিডিয়ো পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অবিলম্বে তদন্ত করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উচ্চশিক্ষা দফতরের প্রধান সচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রথমে হস্টেল চত্বরে গিয়ে অভিযোগগুলি খতিয়ে দেখতে হবে। দেওয়াল লিখন ও ছবিগুলির সত্যতা প্রমাণিত হলে, কারা এর সঙ্গে জড়িত তা চিহ্নিত করে প্রশাসনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, বিতর্কিত দেওয়াল লিখন মুছে ফেলার নির্দেশও দেওয়া হতে পারে।
শুভেন্দু দাবি করেছেন, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানকে ভারত-বিরোধী প্রচার বা অসামাজিক কার্যকলাপের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। তাঁর সরকারের নীতি এ ক্ষেত্রে ‘জ়িরো টলারেন্স’ বলেও জানিয়েছেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা এবং মর্যাদা বজায় রাখার উপরেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।
যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এর আগেও সরব হয়েছিলেন শুভেন্দু। বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের পরিবেশ প্রতিষ্ঠার কথাও তিনি বলেছিলেন। তবে বয়েজ হস্টেলের দেওয়াল লিখন সংক্রান্ত অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। তদন্তের পরেই বিষয়টি নিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।