যশ-নুসরতের সম্পর্ক ভাঙনের মুখে?
টলিউডের জনপ্রিয় জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের সম্পর্ক কি তবে ফিকে হয়ে গেল? সম্প্রতি তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আচমকা বদল লক্ষ করে ফের গুঞ্জন শুরু হয়েছে টলিপাড়ায়। একে অপরকে ‘আনফলো’ করে তাঁরা কি তবে সম্পর্ক থেকে এক কদম পিছিয়ে এলেন?
মাত্র কিছুদিন আগেই হাতে হাত ধরে তাঁদের দেখা গিয়েছিল ‘আড়ি’ ছবির প্রচারে। সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলে প্রবীণ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে হাসিমুখে সময় কাটাতে দেখা গিয়েছিল তাঁদের। এমনকি সম্পর্ক টিকিয়ে রাখার টিপসও শোনা গিয়েছিল তাঁদের মুখে। সব মিলিয়ে তখনও মনে হচ্ছিল, সব ঠিকঠাকই চলছে। কিন্তু সময় বোধহয় সব কিছু বদলে দেয়।
এই বদলের আঁচ আরও স্পষ্ট হয় যশের ইনস্টাগ্রাম স্টোরি দেখে। সেখানে তিনি লেখেন, “শেষে তোমার পাশে একমাত্র তুমিই থাকো।” এই রহস্যময় বার্তাটি যেন কোথাও থেকে ইঙ্গিত দেয় একাকীত্বের, কিংবা নির্ভরতার টানাপড়েনের। আর তাতেই শুরু হয় নতুন করে গুঞ্জন— তাহলে কি সত্যিই তাঁদের বিচ্ছেদ হয়ে গেল?
এই আলোচনা আরও জোরদার হয় যখন দেখা যায়, ইনস্টাগ্রামে একে অপরকে আর অনুসরণ করছেন না তাঁরা। যেখানে নুসরতের ফলোয়ার সংখ্যা ৩০ লক্ষেরও বেশি, যশের প্রায় সাড়ে ১০ লক্ষ— সেই দুই তারকার পারস্পরিক ‘আনফলো’ নিঃসন্দেহে নজরকাড়া ঘটনা।
এদিন নুসরত তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন ছেলে ঈশানের সঙ্গে একটি ছবি। অন্যদিকে যশ ভাগ করে নেন তাঁর বড় ছেলের ছবি। একই দিনে এমন ব্যক্তিগত পোস্ট যেন আরও বেশি করে মনে করিয়ে দেয়— হয়তো তাঁরা এখন আলাদা পথে হাঁটছেন।
তবে এখনো পর্যন্ত দু’জনের কেউই এই বিষয়ে মুখ খোলেননি। যদিও এটা নতুন কিছু নয় তাঁদের জীবনে। সম্পর্কের শুরু থেকেই যশ-নুসরত জুটি ছিলেন বিতর্কের কেন্দ্রে। নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ, মাতৃত্ব, সন্তানের পিতৃপরিচয়— একের পর এক ঝড় পেরিয়ে এগিয়েছেন তাঁরা। তবে এইবার কি সত্যিই বিচ্ছেদ আসন্ন?
অনুরাগীদের মনে এখন শুধু একটাই প্রশ্ন— সবটাই কি শুধুই সামাজিক মাধ্যমে ‘আনফলো’ করার খেলা, নাকি এর নেপথ্যে রয়েছে কোনও গভীর মনোমালিন্য?
যদিও সম্পর্ক নিয়ে সবসময়ই ছিলেন ব্যক্তিগত, তাই এই প্রশ্নের উত্তর আদৌ পাবেন কি অনুরাগীরা, তা সময়ই বলবে। আপাতত টলিপাড়ায় বাতাসে ভাসছে একটাই সুর— ভালোবাসা কি তবে আর টিকল না?
দেশপ্রেমের নজির: ৫০ লক্ষের প্রস্তাব ফিরিয়ে রাহুল বৈদ্যের তুরস্কে না যাওয়ার সিদ্ধান্ত