যশের ‘টক্সিক’ অনুষ্ঠানে বিপত্তি!
কন্নড় তারকা যশের বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগে হায়দরাবাদের এক অনুষ্ঠানে ঘটে গেল দুর্ঘটনা। শনিবার মল্লা রেড্ডী বিশ্ববিদ্যালয়ে ছবির প্রাক্মুক্তি অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক-শিক্ষার্থীর ভিড়ের মধ্যে একটি খুঁটি হেলে পড়ে আহত হন দুই পড়ুয়া।
যশের সামনে আচমকাই বিপত্তি
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, যশ মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশে কথা বলছিলেন। তাঁকে আরও ভাল ভাবে দেখতে কয়েকজন দর্শক সাউন্ড সিস্টেমের খুঁটির উপরে উঠে পড়েছিলেন। যশ তাঁদের সাবধান করে নীচে নেমে আসতে বলেন।
কিন্তু কিছুক্ষণ পরেই খুঁটিটি হেলে পড়ে যায় বলে জানা গিয়েছে। সেটি ভিড়ের মধ্যে থাকা দুই তরুণের উপর গিয়ে পড়ে। আচমকা ঘটনায় অনুষ্ঠানস্থলে হইচই শুরু হয়ে যায়। উপস্থিত লোকজন আহতদের সাহায্যে এগিয়ে আসেন।
হাসপাতালে দুই পড়ুয়া
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দুই পড়ুয়াকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।
ঘটনার আগে যশকেও পড়ুয়াদের সতর্ক করতে দেখা যায়। তিনি তাঁদের সাবধানে থাকতে এবং নীচে নেমে আসতে বলেন। পরে আহতদের নিরাপত্তা নিয়েও খোঁজ নেন বলে ভিডিয়োয় দেখা গিয়েছে।
তারকাখচিত অনুষ্ঠান
হায়দরাবাদের এই অনুষ্ঠানে যশ ছাড়াও উপস্থিত ছিলেন কিয়ারা আডবাণী, হুমা কুরৈশী এবং রুক্মিণী বসন্ত। তবে নয়নতারা ও তারা সুতারিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ আগামী ২৬ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। ছবিটি ঘিরে প্রত্যাশা যখন তুঙ্গে, ঠিক তখনই প্রচারমূলক অনুষ্ঠানে এই দুর্ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ঘটনার বিষয়ে এখনও যশের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।