মেসিদের মুখোমুখি হওয়ার আগেই বিপাকে কাবো ভার্দে!
বিশ্বকাপের নকআউটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল কাবো ভার্দে। দলের অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
ব্রাজ়িলের সংবাদমাধ্যম গ্লোবো-র প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে নিউ জ়িল্যান্ডে অনুষ্ঠিত ফিফা সিরিজ় চলাকালীন এই ঘটনা ঘটে। অভিযোগকারী তরুণী কাবো ভার্দে দলের সঙ্গে দোভাষী হিসেবে কাজ করছিলেন।
তাঁর অভিযোগ, হোটেলে নিজের কক্ষে থাকার সময় রায়ান মেন্ডেস জোর করে ঘরে প্রবেশ করেন এবং তাঁকে ধর্ষণ ও মারধর করেন। ঘটনার পর তিনি প্রথমে কাবো ভার্দে দলের তিনজন কর্মকর্তাকে বিষয়টি জানান। কিন্তু তাঁদের পক্ষ থেকে কোনও কার্যকর পদক্ষেপ না হওয়ায় পরে তিনি পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।
প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসা পরীক্ষায় ওই তরুণীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যৌনাঙ্গ, গলা এবং মুখে চোটের প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে। তবে রায়ান মেন্ডেসের বিরুদ্ধে ঠিক কোন কোন আইনে মামলা দায়ের হয়েছে, তা এখনও প্রকাশ্যে জানানো হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে।
অন্যদিকে, ইউএসএ টুডে-র প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা জানিয়েছে যে এ ধরনের অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংস্থাটি নিউ জ়িল্যান্ডের তদন্তকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। যদিও তদন্ত চলার কারণে ফিফা এই মুহূর্তে এর বেশি কোনও মন্তব্য করতে চায়নি।
এই বিতর্কের মধ্যেই কাবো ভার্দের সামনে রয়েছে বিশ্বকাপের সবচেয়ে কঠিন পরীক্ষা। মাত্র প্রায় পাঁচ লক্ষ জনসংখ্যার দেশটি এ বারের প্রতিযোগিতায় চমক দেখিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে শক্তিশালী কয়েকটি দলের বিরুদ্ধে লড়াকু পারফরম্যান্স করে শেষ ৩২-এ পৌঁছেছে তারা।
এ বার তাদের সামনে লিয়োনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। ম্যাচের আগে কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা আত্মবিশ্বাসী মন্তব্য করলেও, অধিনায়কের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ দলের প্রস্তুতি এবং মানসিকতায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ফুটবল মহলের একাংশ।
উল্লেখ্য, এই মুহূর্তে অভিযোগের তদন্ত চলছে। আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত রায়ান মেন্ডেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত বলে গণ্য করা যায় না।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?