মেলবোর্নে নির্ভার জয় তারকাদের, তৃতীয় রাউন্ডে সিনার–জোকোভিচ–শিয়নটেক, অবসর প্রসঙ্গে মুখ খুললেন নোভাক

মেলবোর্নে নির্ভার জয় তারকাদের, তৃতীয় রাউন্ডে সিনার–জোকোভিচ–শিয়নটেক! অস্ট্রেলিয়ান ওপেনে বৃহস্পতিবার বড় কোনও অঘটন দেখা গেল না। প্রত্যাশামতোই নিজেদের ম্যাচ জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ইয়ানিক সিনার, নোভাক জোকোভিচ ও ইগা…

January 23, 2026
1 min read

মেলবোর্নে নির্ভার জয় তারকাদের, তৃতীয় রাউন্ডে সিনার–জোকোভিচ–শিয়নটেক!

অস্ট্রেলিয়ান ওপেনে বৃহস্পতিবার বড় কোনও অঘটন দেখা গেল না। প্রত্যাশামতোই নিজেদের ম্যাচ জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ইয়ানিক সিনার, নোভাক জোকোভিচ ও ইগা শিয়নটেক। স্ট্রেট সেটে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই এগিয়ে গেলেন টুর্নামেন্টের প্রথম সারির তারকারা। সঙ্গে তৃতীয় রাউন্ডে উঠেছেন গত বারের চ্যাম্পিয়ন ম্যাডিসন কিজ়ও।

রড লেভার এরিনায় কার্যত একতরফা ম্যাচ খেলেন শীর্ষবাছাই ইয়ানিক সিনার। বিশ্বের ৮৮ নম্বর ও ওয়াইল্ড কার্ড পাওয়া অস্ট্রেলিয়ান জেমস ডাকওয়ার্থকে ৬-১, ৬-৪, ৬-২ ব্যবধানে উড়িয়ে দেন তিনি। স্থানীয় দর্শকেরা বার বার ডাকওয়ার্থকে চাঙ্গা করার চেষ্টা করলেও সিনারের খেলায় কোনও ছেদ পড়েনি। হাসিমুখে কোর্ট ছাড়েন ইতালির এই তারকা, যিনি টানা তৃতীয় অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পথে আরও এক ধাপ এগোলেন।

চতুর্থ বাছাই নোভাক জোকোভিচের সামনে ছিলেন ১৪১ নম্বরে থাকা ফ্রানসেস্কো মায়েস্ত্রেলি। কোয়ালিফায়ার পেরিয়ে মূলপর্বে আসা ইতালিয়ানও দর্শকদের সমর্থন পেয়েছিলেন। তবে ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের সামনে সে সমর্থন কাজে লাগেনি। ৬-৩, ৬-২, ৬-২ স্কোরলাইনে স্বচ্ছন্দ জয় তুলে নেন জোকোভিচ।

ম্যাচের পর আবারও উঠে আসে নোভাকের অবসর প্রসঙ্গ। এ বারের অস্ট্রেলিয়ান ওপেনের পর গিল মঁফিস ও স্টান ওয়াওরিঙ্কার অবসর নেওয়ার জল্পনা চলছে। সাংবাদিকরা প্রশ্ন করেন, জোকোভিচও কি সেই পথে হাঁটছেন? ৩৮ বছরের তারকা হেসে উত্তর দেন, “মঁফিস আমার থেকে এক বছরের বড়, ওয়াওরিঙ্কা দু’বছরের। তার মানে, এখনও অন্তত এক–দু’বছর সময় আছে আমার।”

টেনিসের প্রতি ভালবাসাই যে তাঁকে এখনও কোর্টে টেনে আনে, তা স্পষ্ট করে বলেন জোকোভিচ। তাঁর কথায়, “টেনিস আমার নেশা। কোর্টে নামলেই এক অদ্ভুত অনুভূতি হয়, ঠিক মাদক নেওয়ার মতো। সেই অনুভূতিটাই আমাকে বার বার খেলতে ফিরিয়ে আনে।” তবে যেদিন অবসর নেওয়ার সিদ্ধান্ত নেবেন, সেদিনই সবাইকে জানাবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি—সঙ্গে থাকবে বিদায়ী সফরের আমন্ত্রণ।

মহিলাদের বিভাগে ধীরে ধীরে ছন্দে ফিরছেন ইগা শিয়নটেক। দ্বিতীয় রাউন্ডে মারি বৌজ়কোভাকে ৬-২, ৬-৩ ব্যবধানে হারিয়ে এগিয়ে গেলেন তিনি। লক্ষ্য একটাই—প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেন জেতা। অন্য দিকে, গত বারের চ্যাম্পিয়ন ম্যাডিসন কিজ় প্রথম সেটে দাপট দেখালেও দ্বিতীয় সেটে লড়াই করতে হয় তাঁকে। শেষ পর্যন্ত ৬-১, ৭-৫ জয় তুলে নিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছান কিজ়।

এ দিন তৃতীয় রাউন্ডে উঠেছেন জেসিকা পেগুলা, লোরেঞ্জো মুসেত্তি ও এলেনা রিবাকিনাও। এক সেট খুইয়েও জয় পান নাওমি ওসাকা, যিনি তিন সেটের লড়াইয়ে সারানা ক্রিস্টিকে হারিয়ে এগিয়ে গেলেন।

‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *