আট ঘণ্টা কাজ ও শারীরিক বিশেষ পরিস্থিতিতে ছুটির পক্ষে সওয়াল চন্দন রায় সান্যালের!
বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। কখনও ‘শ্রীরামকৃষ্ণদেব’, কখনও আবার বিতর্কিত গুরু ‘ভগত’! এবার অভিনেতা চন্দন রায় সান্যাল মুখ খুললেন নারীস্বাস্থ্যের অধিকার এবং কাজের ঘন্টা নিয়ে। সম্প্রতি ‘ডিয়ার মা’ ছবির প্রচারে আনন্দবাজার ডট কমের অফিসে এসে তিনি বললেন, “মেয়েদের একাধিক শারীরিক পরিস্থিতিতে ছুটি পাওয়াটা একান্ত প্রয়োজন।”
‘ডিয়ার মা’ ছবিতে জয়া আহসানের সঙ্গে প্রথম বার স্ক্রিন শেয়ার করছেন চন্দন। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয়ের সময় একাধিক ঘনিষ্ঠ দৃশ্য ছিল। অথচ শুটিংয়ের আগে দু’জনের কোনও আলাপই ছিল না! চন্দন বলেন, “আমরা আড়ষ্ট হইনি। পরিচালক টোনিদা (অনিরুদ্ধ রায়চৌধুরী) আমাদের আলাপ করিয়ে দেন, আমরা কাজ করতে করতে স্বচ্ছন্দ হয়ে উঠি।”
অঙ্ক থেকে অভিনয়— চন্দনের নিজস্ব ক্যালকুলেশন
চন্দনের জীবনে অঙ্কের ভূমিকা বেশ বড়। অঙ্কে স্নাতক হয়ে তিনি অভিনয়ে এসেছেন ঠিকই, তবে এই দুইয়ের মধ্যেও তিনি খুঁজে পান এক অন্তর্নিহিত সংযোগ। “ইন্টিগ্রাল ক্যালকুলেশন যেমন ফর্মুলা মেনে চলে, তেমনই অভিনয়ও চলে সূক্ষ্ম বিশ্লেষণ আর কাঠামোর মধ্য দিয়ে। প্রতিটি চরিত্র আমার কাছে এক একটা অঙ্কের প্রশ্নের মতো,” বলেন তিনি।
তাই কখনও নটী বিনোদিনীর শ্রীরামকৃষ্ণ, তো কখনও ‘আশ্রম’-এর বিতর্কিত গুরু—এই চরিত্রবদলের মধ্যেই তিনি খুঁজে পান নিজের অভিনয়জীবনের ‘গ্রাফ’।
দীপিকার পাশে চন্দন— কাজের ঘণ্টা ও মেয়েদের ছুটি নিয়ে স্পষ্ট মত
সম্প্রতি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন জানিয়েছেন, তিনি আট ঘণ্টার বেশি কাজ করতে চান না। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দুই শিবিরে বিভক্ত মানুষ। একদল বলছেন, কাজের নির্দিষ্ট সময়ের দাবি একান্তই ন্যায্য, অন্য দল বলছেন, বিনোদন দুনিয়ায় এটা সম্ভব নয়।
চন্দন অবশ্য দীপিকার পক্ষেই সওয়াল করেন। তাঁর মতে, “নারীদের আরও বেশি সহানুভূতির প্রয়োজন। পাশ্চাত্যে যেমন ঋতুস্রাব, গর্ভধারণ এবং সন্তান জন্মের সময় আলাদা ছুটি দেওয়া হয়, তেমন নিয়ম বিশ্বজুড়ে চালু হওয়া উচিত। অভিনেত্রী হোক বা অফিস কর্মী, মেয়েদের তো অনেক বেশি ধকল সামলাতে হয়।”
চন্দনের বার্তা, ‘মানবিকতা হোক শিল্পেরও অংশ’
অভিনেতার মতে, কাজের জায়গায় মেয়েদের জন্য কিছুটা বাড়তি সুরক্ষা ও সম্মান থাকা উচিত। “শুধু টেকনিক নয়, শিল্প জগতে মানুষের প্রতি দায়িত্ববোধটাও থাকা দরকার,” বলেই মন্তব্য করেন তিনি। পাশাপাশি জানান, ভবিষ্যতে আরও বিভিন্ন মাত্রিক চরিত্রে অভিনয়ের পরিকল্পনা রয়েছে তাঁর।
বিমানের প্রতি ভয় বাড়ছে? দুর্ঘটনার পরে যাত্রীদের মনে ঘনীভূত ‘ফ্লাইট অ্যাংজাইটি’