ব্যাটে রান না এলেও নেতা কোহলি!!
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের রাতে ব্যাট হাতে বড় রান পাননি বিরাট কোহলি। কিন্তু মাঠের বাইরেও যে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম বড় শক্তি, তা আরও এক বার স্পষ্ট হয়ে গেল। ম্যাচ শেষে সাজঘরে সতীর্থদের উদ্দেশে কোহলির আবেগঘন বক্তৃতা এখন সমাজমাধ্যমে ভাইরাল।
আরসিবির পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, উত্তেজিত এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে দলের ক্রিকেটারদের সামনে কথা বলছেন বিরাট। তাঁর বার্তা ছিল স্পষ্ট— শুধু ব্যক্তিগত পারফরম্যান্স নয়, দল হিসাবেই লড়তে হবে, তবেই আইপিএল ট্রফি জেতা সম্ভব।
কোহলি বলেন, “এই ধরনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে গেলে একটা দল হিসাবে খেলতে হয়। এই ম্যাচটা আমাদের খুব দরকার ছিল। কঠিন পরিস্থিতিতে লড়াই করে জিততে হত, আমরা সেটা পেরেছি। এখন এই মানসিকতা ধরে রাখতে হবে।”
মুম্বইয়ের বিরুদ্ধে বেঙ্গালুরুর জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ভুবনেশ্বর কুমার। পাওয়ার প্লেতে তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রশংসা করে কোহলি বলেন, “ভুবি, তুমি যেভাবে নিজের পরিকল্পনা কাজে লাগিয়েছ, সেটা অসাধারণ। এই মরসুমে একাধিক বার তিন বা তার বেশি উইকেট নিয়েছ। এই ধারাবাহিকতাই দলকে এগিয়ে দিচ্ছে।”
শুধু ভুবনেশ্বর নন, রোমারিয়ো শেফার্ডের বোলিংয়েও মুগ্ধ বিরাট। তাঁর মতে, শেফার্ড দলে থাকায় বোলিং আক্রমণে বাড়তি ভারসাম্য এসেছে। কোহলি বলেন, “তুমি যে আত্মবিশ্বাস নিয়ে বল করছ, সেটা চোখে পড়ার মতো। সঠিক জায়গায় বল ফেলছ এবং দলের জন্য বড় ভূমিকা নিচ্ছ।”
তবে সবচেয়ে বেশি প্রশংসা শোনা যায় ক্রুণাল পাণ্ড্যের জন্য। চাপে পড়ে ৭৩ রানের ম্যাচজেতানো ইনিংস খেলেন তিনি। কোহলির কথায়, “ক্রুণালের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। কঠিন পরিস্থিতিতে ও সব সময় দলকে টেনে তোলে। এই ধরনের ক্রিকেটারই ম্যাচ জেতায়।”
শেষ ওভারের নাটকীয়তায় মুম্বইকে হারিয়ে প্লে-অফের লড়াই থেকে অনেকটাই ছিটকে দিয়েছে বেঙ্গালুরু। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আরসিবি। গত বারের চ্যাম্পিয়নরা এ বারও ট্রফি জয়ের দৌড়ে নিজেদের অন্যতম দাবিদার হিসাবেই তুলে ধরছে।
আর সেই স্বপ্নের কেন্দ্রে রয়েছেন বিরাট কোহলি— শুধু ব্যাটার হিসাবে নয়, দলের অনুপ্রেরণাদায়ী নেতা হিসাবেও।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা