জ়াহিরের আগে মরগ্যানকেই চেয়েছিল চেন্নাই!
স্টিফেন ফ্লেমিংয়ের দীর্ঘ অধ্যায়ের পর চেন্নাই সুপার কিংসের নতুন প্রধান কোচ হয়েছেন জ়াহির খান। তবে ভারতের প্রাক্তন পেসারই যে প্রথম পছন্দ ছিলেন, তা নয়। ‘ক্রিকবাজ়’-এর প্রতিবেদন অনুযায়ী, জ়াহিরের আগে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক অইন মরগ্যানকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল চেন্নাই। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করেননি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।
শুধু চেন্নাই নয়, আইপিএলের আরও একটি দল মরগ্যানের সঙ্গে যোগাযোগ করেছিল বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেই প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি। ২০১৯ সালে ইংল্যান্ডকে এক দিনের বিশ্বকাপ জেতানো মরগ্যান বর্তমানে মূলত ধারাভাষ্যের সঙ্গেই যুক্ত। আপাতত সেই ভূমিকাতেই থাকতে চান তিনি বলে জানা গিয়েছে।
অন্য দিকে, সোমবার জ়াহিরকে নতুন প্রধান কোচ হিসাবে ঘোষণা করেছে চেন্নাই। দলের ক্রিকেট সংক্রান্ত সিদ্ধান্তে মহেন্দ্র সিংহ ধোনির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানা গিয়েছে। চেন্নাইয়ের মুখ্য কর্তা কাশী বিশ্বনাথন জানিয়েছেন, জ়াহিরের নামটি ধোনিই প্রস্তাব করেছিলেন। ক্রিকেট পরিচালন সমিতির সদস্যদের সঙ্গেও আলোচনা করে শেষ পর্যন্ত তাঁর নামেই সিলমোহর পড়ে।
বিশ্বনাথনের বক্তব্য অনুযায়ী, জ়াহিরকে বেছে নেওয়ার পিছনে তাঁর আইপিএলে কাজ করার অভিজ্ঞতা বড় কারণ। মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে কাজ করেছেন ভারতের প্রাক্তন পেসার। ফলে আইপিএলের পরিবেশ এবং দলের ভিতরের কাজকর্ম সম্পর্কে তাঁর ধারণা রয়েছে।
ফ্লেমিংয়ের উত্তরসূরি বেছে নেওয়ার দায়িত্বও ধোনির উপরেই ছিল। আমেরিকা থেকে ফেরার পর তিনি একাধিক সম্ভাব্য প্রার্থীর সঙ্গে কথা বলেন। পরে দলের মালিকপক্ষের সঙ্গে আলোচনাও হয়। কয়েক দফা আলোচনার পর জ়াহিরের নাম চূড়ান্ত করা হয়।
চেন্নাইয়ের পছন্দের তালিকায় আর একটি বিষয়ও গুরুত্বপূর্ণ ছিল। এমন একজন ভারতীয় কোচ চেয়েছিল দল, যাঁর অন্য কোনও টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কোচিংয়ের চুক্তি নেই এবং যিনি পুরোপুরি আইপিএলের দায়িত্বে মন দিতে পারবেন। সেই শর্তে জ়াহির উপযুক্ত বলে মনে হয়েছে দলের।
ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের অ্যান্টওয়ার্প অ্যান্টর্সের সঙ্গে জ়াহিরের মালিকানাগত যোগ রয়েছে। তবে অন্য কোনও টি-টোয়েন্টি দলের কোচিংয়ের দায়িত্বে তিনি নেই। ফলে চেন্নাইয়ের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সময়ের সংঘাতও তুলনামূলক ভাবে কম।
জ়াহিরকে রাজি করাতে অবশ্য সময় লেগেছে। বিশ্বনাথনের কথায়, তাঁকে এই দায়িত্ব নেওয়ার জন্য সম্মত করানো সহজ ছিল না। শেষ পর্যন্ত আলোচনার পর তিনি দায়িত্ব নিতে রাজি হন।
নতুন কোচকে সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার ক্ষেত্রেও স্বাধীনতা দিয়েছে চেন্নাই। সহকারীদের নিজের পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ পাবেন জ়াহির। শ্রীধরন শ্রীরাম এবং রাজীব কুমার দায়িত্বে থাকতে পারেন বলে জানা গিয়েছে। ব্যাটিং কোচ হিসাবে বিদেশি কাউকে নেওয়ার কথাও ভাবছে চেন্নাই।
ফলে ফ্লেমিং-পরবর্তী যুগে জ়াহিরের হাতেই নতুন করে দল সাজানোর দায়িত্ব। আর সেই নিয়োগের নেপথ্যে যে বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছিল, তার মধ্যে মরগ্যানও ছিলেন—তবে শেষ পর্যন্ত চেন্নাইয়ের প্রস্তাব গ্রহণ করেননি কেকেআরের প্রাক্তন অধিনায়ক।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।