ইংল্যান্ডের কাছে চুনকাম
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে পাকিস্তান। ইংল্যান্ড সিরিজ় থেকে ফের টেস্ট দলের নেতৃত্বে ফিরেছিলেন বাবর আজ়ম। কিন্তু প্রত্যাবর্তনের প্রথম সিরিজ়েই বড় ধাক্কা খেল পাকিস্তান। তিন টেস্টেই হেরে ইংল্যান্ডের কাছে চুনকাম হতে হয়েছে তাদের। এই ব্যর্থতার পর দল নিয়ে নতুন করে ভাবার বার্তা দিয়েছেন বাবর।
তৃতীয় টেস্টে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের পর পাকিস্তান অধিনায়ক স্বীকার করে নিয়েছেন, প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি তাঁর দল। বিশেষ করে ব্যাটিং এবং ফিল্ডিংয়ে একাধিক দুর্বলতা সামনে এসেছে। তাই আগামী টেস্টগুলির জন্য দল নির্বাচনের পদ্ধতি নিয়েও পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বাবর।
তিনি বলেন, ভুলগুলি নিয়ে বসে আলোচনা করা দরকার। কোন পরিস্থিতিতে কেমন একাদশ নিয়ে খেলতে হবে, সেটাও নতুন করে ভাবতে হবে। কোচ, নির্বাচক এবং দলের সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে সেরা ক্রিকেটারদের বেছে নেওয়ার উপর জোর দিয়েছেন তিনি। তাঁর মতে, টেস্টে দলের সেরা ১১ জনকেই মাঠে নামানো জরুরি।
তৃতীয় টেস্টের শেষ ইনিংসে ইংল্যান্ডের দুই উইকেট দ্রুত তুলে নিয়েও ম্যাচে চাপ তৈরি করতে পারেনি পাকিস্তান। জো রুট এবং জর্ডন কক্সের জুটি সেই পরিস্থিতি সামলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বাবরও তাঁদের প্রশংসা করেছেন। তাঁর মতে, প্রথম ওভারেই দুই উইকেট পাওয়ার পর পাকিস্তানের আত্মবিশ্বাস বেড়েছিল। কিন্তু রুট এবং কক্স অত্যন্ত ভাল ব্যাটিং করে সেই চাপ সামলে দেন।
ইংল্যান্ড সফরের কঠিন পরিস্থিতির কথাও উল্লেখ করেছেন বাবর। তাঁর দাবি, সফরের আগে অনেক ভাবনাচিন্তা করেই দল নির্বাচন করা হয়েছিল। কিন্তু প্রথম দুই টেস্টে হারের পর একাধিক পরিবর্তন করতে হয়। ইংল্যান্ডের পরিবেশ এবং পিচ বরাবরই ব্যাটারদের জন্য কঠিন বলেও জানিয়েছেন তিনি।
তবে সিরিজ়ের হতাশার মধ্যেও নতুন প্রতিভা খুঁজে পাওয়াকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন পাকিস্তান অধিনায়ক। বিশেষ করে রাজ়াউল্লার অলরাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ বাবর। তাঁর মতে, অভিজ্ঞতা কম হলেও ব্যাট এবং বল হাতে রাজ়াউল্লা নিজেকে কার্যকর ক্রিকেটার হিসেবে তুলে ধরেছেন। এই ম্যাচ তাঁর আত্মবিশ্বাসও বাড়াবে বলে মনে করছেন তিনি।
তরুণ ক্রিকেটারদের আরও সুযোগ দেওয়ার পক্ষেও সওয়াল করেছেন বাবর। তাঁর বক্তব্য, প্রতিটি সিরিজ়ের পরিস্থিতি আলাদা এবং সেই অনুযায়ী ক্রিকেটারদের নিজেদের খেলা বদলাতে হয়। ইংল্যান্ডে পরিস্থিতি কঠিন হলেও তরুণদের সুযোগ দিয়ে তাঁদের প্রতিভা কাজে লাগানোর চেষ্টা করেছে পাকিস্তান।
তবে আপাতত সামনে রয়েছে দল পুনর্গঠনের প্রশ্ন। চুনকামের ধাক্কা কাটিয়ে টেস্ট দলে কী কী পরিবর্তন আনা হবে, আর সেই প্রক্রিয়ায় বাবরের নেতৃত্ব কতটা কার্যকর থাকে—সেদিকেই নজর থাকবে পাকিস্তান ক্রিকেটের।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।