বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিটের জন্য হাহাকার, আবেদন ১ লক্ষ ১০ হাজারের বেশি, পাবেন কত জন?

বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিটের জন্য হাহাকার বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় এক বছর। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা এখনই তুঙ্গে। ২০২৭ এক দিনের বিশ্বকাপের সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই টিকিটের ব্যালটও…

October 7, 2026
1 min read

বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিটের জন্য হাহাকার

বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় এক বছর। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা এখনই তুঙ্গে। ২০২৭ এক দিনের বিশ্বকাপের সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই টিকিটের ব্যালটও খুলে দিয়েছে আইসিসি। আর মাত্র কয়েক দিনের মধ্যেই দেখা গেল, সবচেয়ে বেশি চাহিদা সেই বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচের।

১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আইসিসির সর্বশেষ হিসাব অনুযায়ী, ওই ম্যাচের জন্য ইতিমধ্যেই ১ লক্ষ ১০ হাজারের বেশি টিকিট-আবেদন জমা পড়েছে। গোটা বিশ্বকাপের জন্য ৩ লক্ষ ২০ হাজারের বেশি সমর্থক ব্যালটে নাম নথিভুক্ত করেছেন এবং মোট টিকিট-আবেদনের সংখ্যা পেরিয়ে গিয়েছে ১১ লক্ষ।

চাহিদার তালিকায় ভারতের অন্য ম্যাচগুলিও বেশ উপরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ম্যাচের জন্য ৮৬ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের জন্যও ৮০ হাজারের বেশি আবেদন রয়েছে। অর্থাৎ বিশ্বকাপের শুরুতেই ভারতের ম্যাচগুলি নিয়ে সমর্থকদের আগ্রহ কতটা, তা স্পষ্ট।

শুধু গ্রুপ পর্ব নয়, সুপার ৭-এও ভারত-পাকিস্তান ম্যাচের সম্ভাব্য লড়াই নিয়ে আগ্রহ তুঙ্গে। সূচি অনুযায়ী, দুই দলই সেই পর্বে উঠলে ৭ নভেম্বর মুখোমুখি হতে পারে তারা। সেই ম্যাচের জন্যও প্রায় ৭৫ হাজার আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে। বিশ্বকাপের ফাইনালের জন্যও প্রায় ৬৯ হাজার আবেদন হয়েছে বলে প্রকাশিত হয়েছে।

তবে প্রশ্ন হল, এত আবেদনকারীকে টিকিট দেওয়া সম্ভব কী ভাবে?

বিশ্বকাপের সব ম্যাচ মিলিয়ে ১২ লক্ষ টিকিট থাকছে। কিন্তু কোনও নির্দিষ্ট ম্যাচে চাহিদা উপলব্ধ টিকিটের চেয়ে বেশি হলে প্রত্যেক আবেদনকারী টিকিট পাবেন না। আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যালটের মাধ্যমে আবেদন নেওয়া হচ্ছে এবং অতিরিক্ত চাহিদা থাকলে র‌্যান্ডমাইজ়ড প্রক্রিয়ায় ঠিক হবে কারা টিকিট কেনার সুযোগ পাবেন। অর্থাৎ আগে আবেদন করলেই আগে টিকিট পাওয়ার কোনও নিয়ম নেই।

এক জন সমর্থক একাধিক ম্যাচের জন্য আবেদন করতে পারবেন এবং প্রতি ম্যাচে সর্বোচ্চ চারটি টিকিট চাওয়া যাবে। ব্যালটে নাম নথিভুক্ত করতে কোনও টাকা দিতে হবে না। সফল আবেদনকারীদের পরে ই-মেলের মাধ্যমে জানানো হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে টিকিট কেনার সুযোগ দেওয়া হবে।

ভারত-পাকিস্তান ম্যাচের জন্য এই বিপুল চাহিদা অবশ্য নতুন কিছু নয়। দুই দলের দ্বৈরথ বরাবরই বিশ্ব ক্রিকেটের অন্যতম আকর্ষণ। ২০২৭ বিশ্বকাপেও সেই ছবি বদলায়নি। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় আয়োজিত ১৪ দলের এই বিশ্বকাপে ৫৭টি ম্যাচ হবে। ভারত-পাকিস্তান ম্যাচ ১০ অক্টোবর জোহানেসবার্গে, আর ফাইনালও হবে সেই ওয়ান্ডারার্সেই ২১ নভেম্বর।

টিকিটের ব্যালট খোলা থাকবে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত। ফলে এখনই আবেদন করলেও টিকিট নিশ্চিত নয়। কিন্তু ইতিমধ্যেই যে হারে আবেদন জমা পড়ছে, তাতে একটা বিষয় পরিষ্কার—ভারত-পাক ম্যাচের টিকিট পাওয়া আগামী বিশ্বকাপে অন্যতম কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *