ভিনিসিয়াসদের জন্য রাজকীয় আয়োজ!
কলকাতায় ব্রাজ়িলের ফুটবল দল আসছে—আর পাঁচটা আন্তর্জাতিক ম্যাচের মতো নয়, পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য তাই আয়োজনও হতে চলেছে বিশেষ। ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিনিসিয়াস জুনিয়রদের মুখোমুখি হবে ভারত। তার আগে ব্রাজ়িল দলের যাত্রা এবং কলকাতায় পৌঁছনোর ক্ষেত্রে একাধিক বিশেষ ব্যবস্থা করছে সর্বভারতীয় ফুটবল সংস্থা।
ভারতে আসার আগে অস্ট্রেলিয়া সফরে যাবে ব্রাজ়িল। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি প্রীতিম্যাচ খেলার কথা ভিনিসিয়াসদের। সেই সফর শেষ করে ১ অক্টোবর সরাসরি কলকাতায় পৌঁছবে ব্রাজ়িল দল। দীর্ঘ বিমানযাত্রার ধকল যাতে ফুটবলারদের উপর না পড়ে, সে জন্যই চার্টার্ড বিমানের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ব্রাজ়িল দলের সঙ্গে মোট প্রায় ৯০ জনের কলকাতায় আসার কথা। তাঁদের মধ্যে ফুটবলার, কোচ কার্লো আনচেলোত্তি এবং ব্রাজ়িল ফুটবল সংস্থার সভাপতি সমির সাউদ-সহ প্রায় ৩০ জনের জন্য বিজ়নেস ক্লাসের আসন চাওয়া হয়েছে। এ বিষয়ে ভারতীয় ও ব্রাজ়িল ফুটবল সংস্থার মধ্যে আলোচনা চলছে।
ফুটবল সংস্থার এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, কলকাতায় নামার মাত্র দু’দিন পরেই ম্যাচ। তাই প্রায় ১১ ঘণ্টার বিমানযাত্রার পর ফুটবলারদের যাতে ক্লান্তি কম থাকে, সেই বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। চার্টার্ড বিমানে বিজ়নেস ক্লাসে যাত্রা সেই পরিকল্পনারই অংশ।
কলকাতা বিমানবন্দরে পৌঁছেও ব্রাজ়িল দলের জন্য অপেক্ষা করতে হবে না। অভিবাসন-সহ প্রয়োজনীয় প্রক্রিয়া বিমানের মধ্যেই সম্পন্ন করার ব্যবস্থা করা হচ্ছে। ফলে বিমান থেকে নামার পর সরাসরি হোটেলে চলে যেতে পারবেন ফুটবলারেরা।
শুধু ব্রাজ়িল নয়, উরুগুয়ের দলকেও বিশেষ ভাবে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে। জাপান থেকে সরাসরি কলকাতায় আসবে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। দুই তারকা দলকে ঘিরে বিমানবন্দর এবং যুবভারতী ক্রীড়াঙ্গনেও একাধিক পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। ভারতীয় ফুটবল সংস্থার পাশাপাশি গোটা ব্যবস্থার দিকে নজর রাখছে পশ্চিমবঙ্গ সরকারও।
ব্রাজ়িলের ফেরার সময়ও থাকছে বিশেষ ব্যবস্থা। দলের জন্য বিজ়নেস ক্লাসের আসন রাখা হয়েছে। তবে ইউরোপীয় ক্লাবে খেলা কয়েক জন তারকার ক্ষেত্রে আলাদা ব্যবস্থা করবে তাঁদের ক্লাব। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা এবং এনড্রিকের মতো ফুটবলারদের ব্যক্তিগত বিমানে স্পেনে ফেরানোর ব্যবস্থা করা হতে পারে।
সব মিলিয়ে ৩ অক্টোবরের ভারত-ব্রাজ়িল ম্যাচকে ঘিরে কলকাতায় উত্তেজনা এখন থেকেই তুঙ্গে। মাঠে ভিনিসিয়াসদের দেখতে যেমন অপেক্ষা করছেন ফুটবলপ্রেমীরা, তেমনই তাঁদের অভ্যর্থনাতেও যে কোনও খামতি রাখতে চাইছে না আয়োজকেরা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।