বিশ্বকাপের পর নতুন লুকে ভিনিসিয়াস জুনিয়র!!
বিশ্বকাপ শেষ হতেই নতুন চেহারায় সামনে এলেন ব্রাজ়িলের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। মাঠের পারফরম্যান্স নয়, এ বার আলোচনার কেন্দ্রে তাঁর বদলে যাওয়া মুখের গঠন। ‘চিন হারমোনাইজেশন’ নামে পরিচিত একটি প্রসাধনী চিকিৎসার মাধ্যমে নিজের চোয়াল ও থুতনির আকৃতি বদলেছেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার।
ব্রাজ়িলের সংবাদমাধ্যমের দাবি, বিশ্বকাপ শেষ হওয়ার পর গোইয়ানিয়ার একটি বিশেষায়িত ক্লিনিকে এই চিকিৎসা করান ২৬ বছরের ভিনিসিয়াস। চিকিৎসার জন্য মায়ামি থেকে এক বিশেষজ্ঞ চিকিৎসককে উড়িয়ে আনা হয়েছিল। পুরো প্রক্রিয়াটি যাতে সম্পূর্ণ গোপনীয় থাকে, সে জন্য চিকিৎসার সময় ক্লিনিকটি সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়। এমনকি কর্মীদেরও কোনও ছবি বা ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছিল।
চিকিৎসার পর প্রকাশ্যে আসা ছবিতে ভিনিসিয়াসের মুখের গঠনে স্পষ্ট পরিবর্তন দেখা গিয়েছে। আগের তুলনায় তাঁর চোয়াল আরও সুস্পষ্ট এবং থুতনির আকৃতিও অনেক বেশি ভারসাম্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। নতুন লুকে বান্ধবীর সঙ্গে তাঁর ছবি প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। সমর্থকদের একাংশের মন্তব্য, প্রথম দেখায় তাঁকে চেনাই কঠিন।
‘চিন হারমোনাইজেশন’ মূলত একটি জনপ্রিয় কসমেটিক প্রক্রিয়া, যার উদ্দেশ্য মুখের বিভিন্ন অংশের মধ্যে আরও স্বাভাবিক ও আকর্ষণীয় ভারসাম্য তৈরি করা। এই চিকিৎসায় অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। বিশেষ ধরনের ডার্মাল ফিলার ব্যবহার করে থুতনি, চোয়াল, নাক ও ঠোঁটের অনুপাত সামঞ্জস্যপূর্ণ করা হয়। ফলে মুখের গঠন আরও স্পষ্ট ও নান্দনিক দেখায়।
বিশ্বকাপে ভিনিসিয়াস ব্যক্তিগতভাবে ভালো খেললেও ব্রাজ়িলকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি। টুর্নামেন্ট শেষ হওয়ার পর কয়েক দিনের জন্য ইউরোপে ছুটি কাটিয়ে দেশে ফেরেন তিনি। এরপরই এই প্রসাধনী চিকিৎসা করান বলে জানা গিয়েছে।
বর্তমানে আন্তর্জাতিক ক্রীড়াবিদ এবং তারকাদের মধ্যে এ ধরনের নান্দনিক চিকিৎসার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত স্টাইল ও উপস্থিতিকেও অনেকেই সমান গুরুত্ব দিচ্ছেন। সেই তালিকাতেই এবার নাম লেখালেন ভিনিসিয়াস জুনিয়র।
রিয়াল মাদ্রিদের প্রাক্-মরসুমের প্রস্তুতিতে যোগ দেওয়ার আগে নিজের নতুন লুকেই সকলের সামনে হাজির হয়েছেন ব্রাজ়িলের এই তারকা ফুটবলার। মাঠে তাঁর পারফরম্যান্স যেমন নজর কাড়ে, তেমনই এবার তাঁর বদলে যাওয়া চেহারাও ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?