মায়ের জন্মদিনে সোনার কেক কেটে ফের আলোচনায় উর্বশী!
তারকাদের জন্মদিন মানেই আলাদা মাত্রার আয়োজন— কিন্তু সেই আয়োজন যদি হয় খাঁটি সোনার কেক দিয়ে, তা হলে আলোচনা হবেই। নতুন বছরের প্রথম দিনেই মায়ের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে এমনই এক ব্যতিক্রমী উদ্যাপন করলেন অভিনেত্রী Urvashi Rautela। দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলে তিনি আয়োজন করেন মীরা রৌতেলার জন্মদিনের পার্টি, আর সেখানেই কাটানো হয় তিন তলা, সোনালি রঙের বিশেষ কেক।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, জমকালো সাজে একটি টেবিলের সামনে দাঁড়িয়ে রয়েছেন উর্বশীর মা। তাঁর সামনে রাখা বিশাল কেকটি দেখতে পুরোপুরি সোনার মতো ঝলমলে। কেকের পাশে রয়েছে দু’ধরনের পানীয়, আর কেকের উপরে বসানো একটি রাজকীয় মুকুট। সেই মুকুটও নাকি মায়ের জন্যই। পুরো আয়োজন দেখে বোঝাই যাচ্ছিল, সাধারণ কোনও জন্মদিন নয়— বরং বিলাসের সর্বোচ্চ প্রকাশ।
এই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে উর্বশী লেখেন, “বিশ্বের উচ্চতম হোটেলে মায়ের জন্মদিন উদ্যাপন করলাম। ২৪ ক্যারেটের রাজকীয় সোনার মুকুট-সহ কেক কাটা হল।” তাঁর এই মন্তব্য এবং আয়োজনই যেন আগুনে ঘি ঢালে। মুহূর্তের মধ্যেই নেটমাধ্যমে শুরু হয় আলোচনা, প্রশংসার পাশাপাশি কটাক্ষও আসে ভরপুর।
নেটাগরিকদের একাংশ বিষয়টিকে মজার চোখে দেখেন। কেউ লেখেন, “এটাই বুঝি বিশ্বের প্রথম জন্মদিন, যেখানে সোনার কেক কাটা হল!” আবার কেউ কেউ সরাসরি কটাক্ষ করে মন্তব্য করেন, “সব কিছুতেই এত দেখনদারি কেন?” উর্বশীর আগেও নানা বিলাসী শখ নিয়ে আলোচনা হয়েছে— কখনও সোনার পাতে মোড়া মোবাইল ফোন ব্যবহার, কখনও অতিরঞ্জিত সাজ। সেই পুরনো প্রসঙ্গ টেনেও অনেকে বিদ্রুপ করতে ছাড়েননি।
তবে সমালোচনার মাঝেও উর্বশীর অনুরাগীদের বক্তব্য আলাদা। তাঁদের মতে, নিজের উপার্জনে মায়ের জন্য বিশেষ কিছু করতেই পারেন অভিনেত্রী। মায়ের জন্মদিনে খরচ করতে চাইলে, সেটাও তো তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। কারও ভাল লাগতে পারে, কারও নাও লাগতে পারে— কিন্তু আলোচনার কেন্দ্রে থাকাটা উর্বশীর কাছে নতুন কিছু নয়।
এক দিকে নিন্দা, অন্য দিকে কৌতূহল— সব মিলিয়ে মায়ের জন্মদিনে সোনার কেক কাটিয়ে আবারও প্রমাণ করলেন, উর্বশী রৌতেলা জানেন কী ভাবে শিরোনামে থাকতে হয়। বিলাসই হোক বা বিতর্ক, তাঁকে ঘিরে চর্চা থামার নয়— অন্তত নতুন বছরের শুরুতে তো নয়ই।
‘মৃত’ ভোটার মঞ্চে হাজির! বারুইপুরের ঘটনার পর জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাইল কমিশন