বিয়ে বিতর্কে আইনি জটিলতা বাড়ল!
বিয়ে ঘিরে চলা বিতর্কে এ বার আইনি মোড় নিল বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন। তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানায় হিরণের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও চর্চা আরও তীব্র হয়েছে।
বুধবার রাতে অনিন্দিতা চট্টোপাধ্যায় তাঁর মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আনন্দপুর থানায় হাজির হন। সেখানেই তিনি হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে হিরণের পাশাপাশি তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির নামও উল্লেখ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, অনিন্দিতার অভিযোগের ভিত্তিতে হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৪ এবং ৪৯৮এ ধারায় মামলা রুজু হয়েছে। ৪৯৪ ধারায় বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি স্ত্রী বা স্বামী জীবিত থাকা সত্ত্বেও পুনরায় বিয়ে করেন, তবে তার জন্য সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা, অথবা দু’টিই হতে পারে। অন্য দিকে, ৪৯৮এ ধারায় বিবাহিত মহিলার উপর স্বামীর মানসিক বা শারীরিক নির্যাতন এবং গার্হস্থ্য হিংসার অভিযোগ অন্তর্ভুক্ত থাকে, যার শাস্তি হিসেবে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানার বিধান রয়েছে।
পুলিশ সূত্রের দাবি, অনিন্দিতা তাঁর অভিযোগে হিরণের বিরুদ্ধে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, আইনত তাঁদের বিবাহ বহাল থাকা অবস্থাতেই হিরণ ঋতিকা গিরির সঙ্গে নতুন করে বিবাহ সম্পর্কে জড়ান।
এ বিষয়ে অনিন্দিতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি এখন সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে। সেই কারণে এই মুহূর্তে প্রকাশ্যে কিছু বলতে তিনি অনিচ্ছুক।
উল্লেখ্য, সম্প্রতি হিরণ ও ঋতিকার একাধিক ছবি প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক শুরু হয়। সেই সময় ঋতিকা নিজে মুখ খুললেও, প্রথম স্ত্রী অনিন্দিতা পাল্টা অভিযোগ জানান। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি হিরণ চট্টোপাধ্যায়। ফলে বিতর্কের কেন্দ্রে থেকেও তাঁর নীরবতাই নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে।
এখন দেখার, তদন্তের অগ্রগতিতে এই মামলায় কী তথ্য সামনে আসে এবং আইনি পথে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়।
‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা