বসের ব্যবহার অসহ্য?
চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা কখনওই হালকা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে সাহস, অনিশ্চয়তা, আর নিজের ভবিষ্যৎ নিয়ে হাজারটা প্রশ্ন। বিশেষ করে যখন বসের তিক্ত ব্যবহার, অফিসের চাপ বা মানসিক অবসাদ দিনের পর দিন জমতে থাকে, তখন একসময় মনে হয়—আর নয়। ঠিক এমনই এক ভাঙাচোরা মানসিক অবস্থায় পাশে থাকার অভিনব উদ্যোগ নিয়েছে জাপানের ইয়োকোহামায় অবস্থিত এক পানশালা—তেনসোকু সোদান।
বিশ্ব যেখানে এখন মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বুঝতে শুরু করেছে, জাপান সেখানে যেন এক ধাপ আগেই হাঁটছে। ভাবুন তো, চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগের রাতে আপনি একা। বন্ধুদের পাওয়া যাচ্ছে না, কাউকে মনের কথা বলার সুযোগ নেই। সেই সময় যদি এমন একটা জায়গা থাকে, যেখানে এক গ্লাস পানীয়ের সঙ্গে সঙ্গে কেউ মন দিয়ে আপনার কথা শুনবে—তেমনই এক আশ্রয়স্থল এই তেনসোকু সোদান।
এই পানশালার ধারণাই আলাদা। এখানে শুধু পানীয় পরিবেশনই শেষ কথা নয়। বরং যারা পানীয় পরিবেশন করেন, তারাই হয়ে উঠছেন আপনার ‘মনের ডাক্তার’ বা সহজ ভাষায় বললে—বন্ধুর মতো জব কাউন্সিলার। চাকরি সংক্রান্ত সমস্যায় অনেকেই পেশাদার কাউন্সেলরের কাছে যেতে চান না। কারণ পুরো প্রক্রিয়াটাই বেশ আনুষ্ঠানিক—আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট, নির্দিষ্ট সময়, অফিসঘরের গাম্ভীর্য। তেনসোকু সোদান এই জটিলতাকেই ভেঙে ফেলেছে।
এখানে পছন্দের পানীয়ে চুমুক দিতে দিতে খোলাখুলি আলোচনা করা যায় নিজের কর্মজীবনের দুশ্চিন্তা নিয়ে। বসের আচরণ, অফিসের রাজনীতি, ভবিষ্যতের অনিশ্চয়তা—সব কিছুই উঠে আসে কথায়, ঠিক যেমনটা কোনও কাছের বন্ধুর সঙ্গে হয়। আর সেই আলোচনার মাঝেই মিলতে পারে দিশা, অথবা অন্তত মানসিক হালকা ভাব।
সবচেয়ে আকর্ষণীয় বিষয়? এই কাউন্সেলিং সেশন বুক করলে পানীয় একেবারেই বিনামূল্যে। মদ্যপানে অনাগ্রহীদের জন্য রয়েছে নানা ধরনের অ্যালকোহল-মুক্ত পানীয়ও। অর্থাৎ, এখানে কাউকে কোনও কিছুতে জোর করা হয় না—গুরুত্ব দেওয়া হয় শুধু মানসিক স্বস্তিকে।
জাপানের কর্মসংস্কৃতি দীর্ঘ কর্মঘণ্টা আর উচ্চ প্রত্যাশার জন্য পরিচিত। ফলে চাকরিজীবীদের মধ্যে মানসিক চাপ জমা হওয়া খুবই স্বাভাবিক। সেই চাপ সামলাতেই তেনসোকু সোদান-এর এই ব্যতিক্রমী উদ্যোগ। চাকরি ছাড়ার আগে একবার থেমে ভাবার সুযোগ, নিজের মনের কথা বলার নিরাপদ জায়গা—এই পানশালার আসল উদ্দেশ্য সেটাই।
হয়তো এক রাতের কথোপকথনই বদলে দিতে পারে আপনার আগামী দিনের সিদ্ধান্ত। কখনও কখনও, ঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু একটু মন খুলে কথা বলাই সবচেয়ে বড় ওষুধ।
প্রোটিন শেক নয়, ‘ঘরোয়া খিচুড়ি’ই ভরসা: শরীরচর্চার পরে হৃতিক রোশন যা খান, জানলে চমক লাগবেই