বড়দিনে বাঙালিয়ানার মিষ্টি ছোঁয়া!
শীত এলেই বাড়িতে একটা আলাদা রকমের আমেজ তৈরি হয়। তার উপর বড়দিন পড়লে তো কথাই নেই— চারপাশে কেকের গন্ধ, কফির কাপ আর আড্ডা মিলিয়ে উৎসব যেন সম্পূর্ণ হয়। কিন্তু প্রতি বছর একই ভ্যানিলা বা চকোলেট কেক বানাতে বানাতে যদি একঘেয়েমি এসে যায়, তা হলে এ বার একটু অন্য রাস্তায় হাঁটুন। বড়দিনের টেবিলে রাখুন একেবারে বাঙালির শীতের গর্ব— নলেন গুড়ের কেক।
পাশ্চাত্য উৎসবের সঙ্গে দেশি স্বাদের এই মেলবন্ধন অতিথিদেরও চমকে দেবে। সবচেয়ে ভাল দিক হল, এই কেক বানাতে আলাদা করে চিনি লাগবে না। নলেন গুড়ই দেবে প্রাকৃতিক মিষ্টত্ব আর অতুলনীয় সুবাস। বানাতেও খুব একটা ঝামেলা নেই।
যা যা লাগবে
- ময়দা – ২০০ গ্রাম
- নলেন গুড় – ১ কাপ (কুচি করা বা গলানো)
- ডিম – ২টি
- দুধ – ¼ কাপ
- মাখন – ১০০ গ্রাম
- কনডেন্সড মিল্ক – ২ টেবিল চামচ
- বেকিং পাউডার – এক চিমটে
- বেকিং সোডা – এক চিমটে
- ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ
বানানোর সহজ পদ্ধতি
কেক বানানো শুরু করার আগে অভেনটা গরম করে নিন। ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে প্রি-হিট করলে কেক সুন্দরভাবে ফুলবে। এ সময় কেকের ছাঁচে বা পাত্রে একটু মাখন ব্রাশ করে রাখুন, যাতে কেক লেগে না যায়।
এ বার একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিন। আলাদা বড় একটি বাটিতে গলানো মাখন আর কনডেন্সড মিল্ক একসঙ্গে ফেটিয়ে মসৃণ করে নিন। তার মধ্যে ধীরে ধীরে ময়দার মিশ্রণ যোগ করুন।
এ বার এক এক করে ডিম ফাটিয়ে মেশাতে থাকুন। হাতা বা হুইস্ক দিয়ে আলতো করে নাড়ুন, যাতে ব্যাটারটা মিহি হয়। তার পর দিন ভ্যানিলা এসেন্স, নলেন গুড় আর দুধ। সব উপকরণ একসঙ্গে মিশে গেলে দেখবেন ব্যাটারটা ঘন অথচ মসৃণ হয়েছে।
এই ব্যাটার প্রস্তুত করা ছাঁচে ঢেলে দিন। প্রি-হিট করা অভেনে প্রায় ৩০ মিনিট বেক করুন। কেক হয়েছে কি না দেখতে চাইলে মাঝখানে একটি টুথপিক ঢুকিয়ে বের করুন। টুথপিক পরিষ্কার বের হলে বুঝবেন কেক তৈরি।
অভেন থেকে বের করে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। তার পর কেক ছাঁচ থেকে বের করে পরিবেশন করুন। শীতের বিকেলে গরম কফি বা চায়ের সঙ্গে নলেন গুড়ের এই কেক অতিথিদের মন জয় করবেই।
এই বড়দিনে একটু অন্য রকম মিষ্টি বানিয়ে উৎসবকে করে তুলুন আরও স্মরণীয়।