‘ধুরন্ধর’-এর সাফল্যের পর আলোচনায় অক্ষয়!
বলিউডে দীর্ঘ দিনের কেরিয়ারে বহু ওঠাপড়ার সাক্ষী থেকেছেন অক্ষয় খন্না। বর্ষীয়ান অভিনেতা বিনোদ খন্নার পুত্র হওয়ায় শুরু থেকেই তাঁর উপর প্রত্যাশা ছিল অনেক। তবে তারকা পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও নিজের জায়গা তৈরি করতে বেশ কিছুটা সময় লেগেছিল তাঁকে। সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবির মাধ্যমে ফের নতুন করে আলোচনায় এসেছেন অক্ষয়। ছবিতে ‘রহমান ডাকাত’-এর চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচকদের কাছে।
কিন্তু এমন এক সময়েই সামনে এল মজার এক ঘটনা। অক্ষয়ের সঙ্গে একই ছবিতে কাজ করেও নাকি প্রথমে তাঁকে চিনতেই পারেননি বাঙালি অভিনেত্রী তিলোত্তমা সোম। নিজের মুখেই সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।
অক্ষয়ের আগামী ছবি ‘ইক্কা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তিলোত্তমাকে। ছবিতে অক্ষয়ের পাশাপাশি রয়েছেন সানি দেওলও। শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে তিলোত্তমা জানান, এক দিন শুটিং শেষে বেরিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাঁকে দেখে হাসেন। কিন্তু তিনি বুঝতেই পারেননি যে সেই ব্যক্তি আর কেউ নন, অক্ষয় খন্না।
তিলোত্তমার কথায়, “অক্ষয় আমাকে দেখে হাসলেন। আমি তাও চিনতে পারলাম না। এক দিন শুটিংয়ের পরে বেরিয়ে যাচ্ছিলাম। সেই সময় এক ভদ্রলোক সামনে এসে আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি খেয়ালই করিনি উনি কে। হেসে চলে যাচ্ছিলাম। তখন পিছন থেকে অক্ষয় আমাকে ডাকলেন। পিছনে ফিরে দেখি অক্ষয় খন্না।”
কেন তাঁকে চিনতে পারেননি, তার ব্যাখ্যাও দিয়েছেন তিলোত্তমা। তাঁর মতে, অক্ষয়ের হাসিই তাঁকে বিভ্রান্ত করেছিল। কারণ সাধারণত খুব কম হাসতে দেখা যায় অভিনেতাকে। তিলোত্তমা বলেন, “অক্ষয় হাসছিলেন বলেই চিনতে পারিনি। উনি এমনিতে খুব বেশি হাসেন না। তবে মানুষ হিসেবে ভীষণ ভাল।”
অক্ষয়ের কম কথা বলা এবং শান্ত স্বভাবের বিষয়টি নতুন নয়। বহু সহ-অভিনেতাই জানিয়েছেন, তিনি খুব বেশি মেলামেশা করেন না এবং নিজের মতো থাকতেই পছন্দ করেন।
অভিনেত্রী কঙ্গনা রনৌতও এক সময় অক্ষয়ের এই স্বভাবের কথা জানিয়েছিলেন। ‘নো প্রবলেম’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় অক্ষয়ের সঙ্গে কথা বাড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। এমনকি বন্ধুত্বের সম্পর্ক তৈরি করার চেষ্টাও করেছিলেন বলে জানিয়েছিলেন কঙ্গনা। কিন্তু অক্ষয় নাকি তাতে খুব একটা সাড়া দেননি।
নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই স্পষ্ট অক্ষয়। বিয়ে সম্পর্কে তাঁকে একাধিক বার প্রশ্ন করা হলেও তিনি জানিয়েছেন, একা থাকতেই তিনি স্বচ্ছন্দ। তাঁর মতে, বিয়ে সুন্দর হলেও সেটি তাঁর জীবনের প্রয়োজনীয় বিষয় নয়।
অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিত্বের জন্যও আলাদা পরিচিতি রয়েছে অক্ষয়ের। আর সেই কারণেই হয়তো শুটিং সেটে তাঁর হাসি দেখে তিলোত্তমার মতো সহ-অভিনেত্রীরও এক মুহূর্তের জন্য তাঁকে চিনতে ভুল হয়ে গেল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?