দীপিকা, আলিয়া, সোনম ‘আউট’! হবু মায়েদের ফ্যাশনে নতুন নজির অ্যানি হ্যাথাওয়ের

হবু মায়েদের ফ্যাশনে নতুন নজির অ্যানি হ্যাথাওয়ের! একদিকে একের পর এক ছবির কাজ, অন্য দিকে জীবনে নতুন অতিথির অপেক্ষা। মাতৃত্বের প্রস্তুতির মাঝেও ফ্যাশনের মঞ্চে নিজের স্টাইল নিয়ে বিন্দুমাত্র আপস করছেন…

August 11, 2026
1 min read

হবু মায়েদের ফ্যাশনে নতুন নজির অ্যানি হ্যাথাওয়ের!

একদিকে একের পর এক ছবির কাজ, অন্য দিকে জীবনে নতুন অতিথির অপেক্ষা। মাতৃত্বের প্রস্তুতির মাঝেও ফ্যাশনের মঞ্চে নিজের স্টাইল নিয়ে বিন্দুমাত্র আপস করছেন না অ্যানি হ্যাথাওয়ে। বরং হবু মা অ্যানির একের পর এক লুক এখন আলোচনার কেন্দ্রে।

হলিউডে এ বছর বেশ ব্যস্ত অ্যানি। বছরের শুরুতেই ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ নিয়ে চর্চায় ছিলেন তিনি। তার পরে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’-তে তাঁর অভিনয়ও নজর কেড়েছে। এরই মধ্যে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘দ্য এন্ড অফ ওক স্ট্রিট’। পেশাগত ব্যস্ততার পাশাপাশি আসন্ন সন্তানের জন্যও প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। তবে প্রকাশ্যে বেরোনোর সময়ে তাঁর ফ্যাশন-চেতনায় তার কোনও ছাপ পড়তে দিচ্ছেন না অ্যানি।

সম্প্রতি ‘দ্য এন্ড অফ ওক স্ট্রিট’-এর স্ক্রিনিংয়ে তাঁর সাজ বিশেষ ভাবে নজর কেড়েছে। বিশেষ করে হবু মায়ের পেট প্রদর্শনের ধরন এবং পোশাক বাছাই নিয়ে আলোচনা শুরু হয়েছে ফ্যাশনমহলে। হলিউডের গণ্ডি ছাড়িয়ে সেই লুকের প্রশংসা পৌঁছে গিয়েছে বলিউডেও।

অনুষ্ঠানে অ্যানি কোনও গাউন পরেননি। এড়িয়ে গিয়েছেন অতিরিক্ত জাঁকজমকপূর্ণ ওভারসাইজ়ড পোশাক কিংবা গাঢ় রঙের বডি-হাগিং পোশাকও। সাম্প্রতিক সময়ে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্ট কিংবা সোনম কপূরের মতো বলিউডের হবু মায়েদের রেড কার্পেট লুকেও যে ধরনের পোশাক দেখা গিয়েছে, অ্যানির বাছাই ছিল তার থেকে বেশ আলাদা।

অ্যানি বেছে নিয়েছিলেন ফিটেড ওয়াইড-লেগ জিন্‌স। তার সঙ্গে ছিল হাই-নেক অ্যাসিমেট্রিকাল টপ। টপটির সামনের অংশ ক্রপ টপের মতো হওয়ায় পেটের কিছুটা অংশ দৃশ্যমান ছিল। তবে পোশাকটির পিছনের অংশ ছিল অপেক্ষাকৃত লম্বা এবং ঢিলেঢালা।

আকাশি নীল রেশমের মতো টপটির ভিতরের লাইনিং ছিল গাঢ় লাল। তার সঙ্গে তুঁতে রঙের জিন্‌স এবং ফুশিয়া রঙের স্টিলেটো জুতোয় রঙের বৈপরীত্য তৈরি করেছিলেন অভিনেত্রী।

অ্যানির আনুষঙ্গিক সাজেও ছিল বিলাসিতার ছোঁয়া। হাতে ছিল হিরেখচিত বুগেরি সার্পেন্টি ঘড়ি। ঠোঁটে উজ্জ্বল লাল লিপস্টিক। লম্বা চুল টেনে বেঁধেছিলেন অভিনেত্রী এবং মেকআপ রেখেছিলেন তুলনামূলক হালকা।

তবে এই সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর আত্মবিশ্বাস। হবু মায়ের স্বাচ্ছন্দ্য এবং রেড কার্পেটের গ্ল্যামার— দুটিকে একসঙ্গে মেলাতে পেরেছেন অ্যানি। মাতৃত্বের সময়ে ফ্যাশন মানেই যে ঢিলেঢালা বা অতিরিক্ত আড়াল করা পোশাক, সেই ধারণার বাইরে গিয়েই নিজের মতো করে স্টাইল তৈরি করেছেন তিনি।

সেই কারণেই অ্যানির এই লুক এখন ফ্যাশনমহলে আলাদা করে আলোচনায়। হবু মায়েদের ফ্যাশনে স্বচ্ছন্দ, আধুনিক এবং সাহসী স্টাইলের নতুন উদাহরণ হয়ে উঠেছে তাঁর এই সাজ।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *