উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস
দুর্গাপুজোর আর এক মাসও বাকি নেই। শহরজুড়ে শুরু হয়ে গেছে পুজো প্রস্তুতির আমেজ। তবে আবহাওয়া দফতর থেকে এখনও তেমন আশার খবর মিলছে না। কারণ বর্ষা এখনও সক্রিয় রয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে চলেছে।
এখনই নতুন কোনও নিম্নচাপ না থাকলেও সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। এই পরিস্থিতি বজায় থাকায় বৃষ্টি অনিবার্য। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বিশেষ সতর্কতা নেই। তবে সোমবার ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস মিলেছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের চিত্র আরও ভিন্ন। রবিবার থেকে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতে, যা চলবে শুক্রবার পর্যন্ত। আলিপুরদুয়ারে রবিবার থেকে বুধবার, কালিম্পঙে সোমবার পর্যন্ত, কোচবিহারে মঙ্গলবার এবং দার্জিলিঙে সোমবার ভারী বৃষ্টি হতে পারে। অন্য দিনগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রসহ বৃষ্টি চলবে।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। আর্দ্রতা ও গুমোট গরম মিলিয়ে শহরবাসীর অস্বস্তি বাড়ছে। তবে সোমবার থেকে বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কিছুটা হলেও কমবে বলে আশা।
অন্যদিকে, উত্তরবঙ্গের মানুষকে আরও কিছুদিন বৃষ্টির ভোগান্তি পোহাতে হবে। পাহাড়ি জেলায় লাগাতার বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা থাকছে। সমতলেও জল জমে দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটতে পারে।
সব মিলিয়ে সেপ্টেম্বরের শুরুতে রাজ্যের আবহাওয়া চিত্র স্পষ্ট— দক্ষিণবঙ্গে দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, আর উত্তরবঙ্গে ভারী বর্ষণের ধারাবাহিকতা। পুজো সামনে এলেও এখনও আবহাওয়া থেকে মিলছে না স্বস্তির বার্তা।
ওড়িশায় ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি, ১৩৯৬ কোটির প্রতারণা মামলায় উদ্ধার কোটি টাকার সম্পদ