ত্রিদেশীয় কূটনৈতিক সফরে মোদী!
ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পর এই প্রথমবার বিদেশ সফরে বেরোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নয়াদিল্লি থেকে রওনা দিয়ে তিনি পাড়ি দিলেন পাঁচ দিনের ত্রিদেশীয় সফরে—গন্তব্য সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া। এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কানাডায় অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলনে মোদীর অংশগ্রহণ।
প্রথম গন্তব্য সাইপ্রাস
ভূমধ্যসাগরীয় এই দ্বীপরাষ্ট্রে পৌঁছে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেসের সঙ্গে বৈঠকে বসবেন মোদী। দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। মোদীর কথায়, “সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। আমার এই সফর দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় করবে।”
জি-৭ সম্মেলনে ভারতের উপস্থিতি
সাইপ্রাস থেকে সোমবার মোদী রওনা হবেন কানাডার উদ্দেশে। সেখানে তিনি অংশ নেবেন ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া জি-৭ শীর্ষ সম্মেলনে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের আমন্ত্রণেই ভারতের অংশগ্রহণ এই সম্মেলনে। যদিও ভারত জি-৭-এর স্থায়ী সদস্য নয়, তবুও গত কয়েক বছর ধরে আয়োজক দেশ আমন্ত্রণ জানিয়ে আসছে ভারতকে।
প্রধানমন্ত্রী বলেছেন, “জি-৭ সম্মেলন কেবল অর্থনৈতিক সহযোগিতার মঞ্চ নয়, উন্নয়নশীল দেশগুলোর (গ্লোবাল সাউথ) অগ্রাধিকারের বিষয়গুলিও এখানে গুরুত্ব পায়।” তিনি এ-ও জানিয়েছেন যে, সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক সমস্যা, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময়ের সুযোগ হবে।
ভারত-কানাডা সম্পর্কের নতুন অধ্যায়?
মোদীর কানাডা সফরকে ঘিরে আলাদা গুরুত্ব তৈরি হয়েছে সাম্প্রতিক ইতিহাসের প্রেক্ষিতে। জাস্টিন ট্রুডোর সময় ভারত-কানাডা সম্পর্কের টানাপড়েন তৈরি হয়েছিল খলিস্তান ইস্যু ঘিরে। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী মার্ক কার্ন সরকারের অধীনে ভারত-কানাডা সম্পর্ক ফের উষ্ণতা পাচ্ছে। এ প্রসঙ্গে মোদী তাঁর পোস্টে কার্নকে ট্যাগ করে বন্ধুত্বের বার্তাও দিয়েছেন।
শেষ গন্তব্য: ক্রোয়েশিয়া
জি-৭ সম্মেলনের পর মোদী যাবেন দক্ষিণ-পূর্ব ইউরোপের রাষ্ট্র ক্রোয়েশিয়ায়। এখানেও দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। ভারতীয় ব্যবসা, প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান জোরদার
এই সফর শুধুমাত্র কূটনৈতিক সৌজন্য নয়, বরং একদিকে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, অন্যদিকে আন্তর্জাতিক নিরাপত্তা এবং বিকাশশীল দেশের স্বার্থ রক্ষায় ভারতের অবস্থান জোরদার করাই এর মূল লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে, এই সফরের মাধ্যমে মোদী আন্তর্জাতিক মঞ্চে ভারতের উপস্থিতি আরও দৃঢ় করতে চান।
ভারতে আসছে স্যামসাং Galaxy S25 সিরিজের One UI 8 বিটা ভার্সন! কী কী থাকছে এই আপডেটে?