তসলিমা নাসরিনের কলকাতায় ফেরার পথে কোনো বাধা নেই!
বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের পশ্চিমবঙ্গ বা কলকাতায় ফেরার ক্ষেত্রে কোনও আইনগত বাধা নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভারত সরকার। গত শুক্রবার, বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে পাঠানো এক চিঠিতে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ এ কথা জানিয়েছেন। এর মাধ্যমে সরকার নিশ্চিত করেছে যে, তসলিমা নাসরিন ভারতীয় ভিসা নিয়ে ভারতীয় ভূখণ্ডে কোনো স্থানেই যাওয়ার জন্য সম্পূর্ণ মুক্ত। তবে, এর পরও তসলিমা কি ফিরবেন কলকাতায়? সেই প্রশ্ন এখনো অমীমাংসিত।
গত সংসদ অধিবেশনে তসলিমার প্রসঙ্গ তুলে শমীক ভট্টাচার্য রাজ্যসভায় জানতে চেয়েছিলেন কেন এই বাঙালি লেখিকা বাংলায়, বিশেষত কলকাতায় থাকতে পারছেন না। তিনি ভারতের সরকারকে অনুরোধ করেছিলেন তসলিমাকে কলকাতায় ফেরানোর জন্য। তার প্রেক্ষিতে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়, তসলিমার কলকাতায় ফেরার পথে কোনো বাধা নেই।
তসলিমা নাসরিন এর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ভারতের কোথাও যাওয়ার ব্যাপারে আমার কোনো বাধা নেই, আমি রাজস্থান, ওড়িশা, কেরল, তামিলনাড়ু যাচ্ছি। কিন্তু কলকাতায় যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি সেখানে ফিরতে চাই না। কারণ আমি জানি, কলকাতায় যদি কেউ কোনো অশান্তি সৃষ্টি করে, তাহলে মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেবেন, তা আমি নিশ্চিত নই। আমি চাই না, আমার জন্য কোথাও অশান্তি হোক।”
তিনি আরও বলেন, “আমি যখন কলকাতায় ছিলাম, তখন কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল না। তবে এখন পরিস্থিতি আলাদা, কলকাতায় আমার উপস্থিতির কারণে যদি কেউ কোনও সমস্যা সৃষ্টি করে, তাহলে তার জন্য আমি দায়ী হতে চাই না।”
এদিকে, শমীক ভট্টাচার্য এই অবস্থানকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করেন। তাঁর মতে, “পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে, তাতে আমাদের সংস্কৃতি এবং বহুত্ববাদ বিপদের মুখে পড়েছে। এই সময়ে বিদেশ মন্ত্রকের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে, ভারতের সকল অঞ্চল, যেমন বাংলা, সকলের জন্য উন্মুক্ত এবং সকলের জন্য নিরাপদ।”
তসলিমা কলকাতায় ফিরে আসুক বা না-আসুক, এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ সংকেত হয়ে উঠেছে। ভারত সরকারের চিঠিতে যে বার্তা দেওয়া হয়েছে, তা থেকে স্পষ্ট যে তসলিমা নাসরিনের কলকাতায় ফেরার পথে আইনি কোনো বাধা নেই, তবে শেষ সিদ্ধান্তটা তাঁর নিজের ওপরই।
‘ব্রহ্মস’ নয়, কেন ‘হাতুড়ি’র ঘা? অপারেশন ‘সিঁদুর’-এ ভারত বেছে নিল স্ক্যাল্প ও হ্যামার, কারণ জানেন?