টেলর সুইফ্টের বিয়ে কি দরজায়?
বিশ্বজুড়ে কোটি অনুরাগীর নজর এখন একটাই প্রশ্নে— জনপ্রিয় পপ তারকা টেলর সুইফ্ট কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ২ জুলাই নিউ ইয়র্কে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে গোপনে বিয়ে করতে পারেন টেলর এবং মার্কিন ফুটবল তারকা ট্র্যাভিস কেলসি। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
গোপনীয়তা বজায় রাখতে বিশেষ পরিকল্পনা
খবর অনুযায়ী, অনুষ্ঠানের তথ্য বাইরে যাতে না ছড়ায়, সে জন্য কোনও ছাপানো নিমন্ত্রণপত্র পাঠানো হয়নি। পরিবর্তে আমন্ত্রিতদের সঙ্গে ব্যক্তিগতভাবে ফোনে যোগাযোগ করেছে আয়োজক দল। প্রত্যেক অতিথিকেই অনুষ্ঠান সংক্রান্ত তথ্য গোপন রাখার অনুরোধ করা হয়েছে।
সূত্রের দাবি, ৩ জুলাই একটি বৃহৎ সংবর্ধনা অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে। সেখানে প্রায় দু’হাজার অতিথি উপস্থিত থাকতে পারেন।
ম্যাডিসন স্কোয়ার গার্ডেনেই কি আয়োজন?
এর আগেও শোনা গিয়েছিল, জুলাইয়ের প্রথম সপ্তাহে বিয়ের পরিকল্পনা করেছেন টেলর ও ট্র্যাভিস। সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের নাম।
বিশাল আয়োজন সামলানোর মতো পরিকাঠামো, কড়া নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখার সুবিধার কারণেই এই ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে বলে দাবি বিভিন্ন প্রতিবেদনের।
বিয়ের প্রস্তুতির আরও ইঙ্গিত
জল্পনাকে আরও উসকে দিয়েছে কয়েকটি নতুন তথ্য।
খবর, ট্র্যাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের কয়েক জন সতীর্থ ইতিমধ্যেই ম্যানহাটনের একটি বিলাসবহুল হোটেলে কক্ষ সংরক্ষণ করেছেন।
এ ছাড়াও জানা গিয়েছে, ‘উইনিক প্রোডাকশনস’ নামে একটি সংস্থা ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের আশপাশে সাময়িকভাবে রাস্তা বন্ধ রাখা এবং ভেন্যুর বাইরে অস্থায়ী কাঠামো তৈরির অনুমতি চেয়ে আবেদন করেছে। যদিও এই আয়োজনের সঙ্গে টেলর-ট্র্যাভিসের বিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়।
এখনও নেই সরকারি ঘোষণা
বিয়ে নিয়ে জল্পনা যতই তুঙ্গে উঠুক, টেলর সুইফ্ট বা ট্র্যাভিস কেলসি— কেউই এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তাঁদের প্রতিনিধিরাও কোনও মন্তব্য করেননি।
ফলে আপাতত গোটা বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে তৈরি জল্পনাই। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত টেলর-ট্র্যাভিসের বিয়ে নিয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?