টক-ঝাল স্বাদে ভাতের সেরা সঙ্গী!
গরম পড়তেই বাজারে ভরে উঠেছে কাঁচা আমে। এই সময় আম দিয়ে আচার, শরবত বা টক ডাল তো হয়ই, তবে একটু অন্য স্বাদের কিছু খেতে চাইলে বানিয়ে নিতে পারেন আমপোড়া ভর্তা। ভাতের সঙ্গে প্রথম পাতে এই পদ একবার খেলেই মন ভরে যাবে। টক, ঝাল আর হালকা মিষ্টি স্বাদের মিশেলে এই ভর্তা গরমের দুপুরে এনে দেবে একেবারে ঘরোয়া বাঙালি খাবারের আমেজ।
খুব কম উপকরণে সহজেই তৈরি করা যায় এই রেসিপি। বিশেষ করে যাঁরা কাঁচা আমের পোড়া গন্ধ পছন্দ করেন, তাঁদের জন্য এই পদ একেবারে আদর্শ।
উপকরণ
- ২টি কাঁচা আম
- ৪-৫টি কাঁচালঙ্কা
- ২টি শুকনো লঙ্কা
- স্বাদমতো নুন
- সামান্য চিনি
- আধ চা-চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
- ১ টেবিল চামচ সর্ষের তেল
কী ভাবে বানাবেন
প্রথমে কাঁচা আম দু’টি ভালো করে ধুয়ে প্রেসার কুকার বা হাঁড়িতে আধসেদ্ধ করে নিন। আম নরম হয়ে এলে জল ঝরিয়ে নিন। এরপর চুলার আঁচে বা সরাসরি গ্যাসে আমগুলিকে হালকা পোড়া পোড়া করে নিন। এতে ভর্তায় দারুণ একটা স্মোকি ফ্লেভার আসবে।
তারপর আম ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে শাঁস আলাদা করে নিন। একটি বড় বাটিতে আম ভালো করে থেঁতো করুন। এর মধ্যে কাঁচালঙ্কা বাটা বা থেঁতো করা কাঁচালঙ্কা মেশান। সঙ্গে পোড়ানো শুকনো লঙ্কা গুঁড়ো করে দিন। এবার নুন, সামান্য চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল মিশিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিন।
সব উপকরণ মিশে গেলেই তৈরি সুস্বাদু আমপোড়া ভর্তা।
গরম ভাতের সঙ্গে একটু সর্ষের তেল ছড়িয়ে এই ভর্তা খেলে আলাদা কোনও তরকারির প্রয়োজনই পড়বে না। চাইলে এর সঙ্গে পেঁয়াজ কুচিও মেশাতে পারেন, তাতে স্বাদ আরও বাড়বে।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা