বিশ্বকাপে দাপট কানাডা ও সুইৎজ়ারল্যান্ডের!
বিশ্বকাপের মঞ্চে বৃহস্পতিবার রাত ছিল নাটকীয়তায় ভরা। কোথাও একতরফা গোলের বন্যা, কোথাও তীব্র লড়াই, আবার কোথাও চোট ও লাল কার্ডের মতো ঘটনাও দেখা গেল। কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিল অন্যতম আয়োজক কানাডা। অন্য দিকে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসাবে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করল মেক্সিকো। বড় জয় পেল সুইৎজ়ারল্যান্ডও। আর দক্ষিণ আফ্রিকা ও চেকিয়ার ম্যাচ শেষ হল অমীমাংসিত অবস্থায়।
কানাডার ছয় গোলের ঝড়, চোটে চোখে জল কোচের
কানাডা ৬-০ কাতার
গত বিশ্বকাপের আয়োজক কাতারকে কোনও সুযোগই দিল না কানাডা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বড় জয় তুলে নিল তারা। তবে ম্যাচে একটি ভয়াবহ চোটের ঘটনাও দর্শকদের স্তব্ধ করে দেয়।
৫২ মিনিটে কাতারের আসিম মাদিবোর একটি কঠিন ট্যাকলে গুরুতর চোট পান কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোন। তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচের অংশে চোট এতটাই ভয়াবহ ছিল যে মাঠেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্ট্রেচারে তুলে নেওয়া হয়। সতীর্থের অবস্থা দেখে আবেগ ধরে রাখতে পারেননি কানাডার কোচ জেসে মার্চ।
প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR) পরামর্শে লাল কার্ড দেখানো হয় মাদিবোকে। এর আগে ৩৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন কাতারের হোমাম আহমেদ। ফলে শেষ পর্যন্ত ন’জন নিয়ে খেলতে হয় কাতারকে।
সংখ্যার দিক থেকে পিছিয়ে পড়া কাতারকে আরও চাপে ফেলে কানাডা। প্রথমার্ধেই ৩-০ এগিয়ে যায় তারা। কাইল লারিন প্রথম গোল করেন। এরপর জোড়া গোল করেন জোনাথন ডেভিড। দ্বিতীয়ার্ধে নাথান সালিবা, কাতারের আত্মঘাতী গোল এবং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ডেভিডের হ্যাটট্রিকে ব্যবধান বেড়ে যায় ৬-০।
সতীর্থ ইসমায়েল কোনের চোটের পর গোল করে তাঁর জার্সি তুলে ধরে বিশেষ শ্রদ্ধা জানান সালিবা।
লড়াই করেও হার দক্ষিণ কোরিয়ার, দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
মেক্সিকো ১-০ দক্ষিণ কোরিয়া
গোটা ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত পয়েন্ট পেল না দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর বিরুদ্ধে তাদের হারতে হল ১-০ গোলে। এই জয়ের ফলে টানা দু’টি ম্যাচ জিতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করল মেক্সিকো।
ম্যাচের একমাত্র গোলটি আসে ৫০ মিনিটে। দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিমের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন মেক্সিকোর লুইস রোমো।
মেক্সিকো শুরু থেকেই রক্ষণে বাড়তি জোর দিয়েছিল। পাঁচ জন ডিফেন্ডার ও এক জন ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে কোরিয়ার আক্রমণ আটকে দেওয়ার পরিকল্পনা করেন কোচ। বলের দখল বেশি থাকলেও গোলের কাছাকাছি গিয়ে বার বার ব্যর্থ হয় দক্ষিণ কোরিয়া।
৮৭ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল তারা। কিন্তু মেক্সিকোর গোলরক্ষক রাউল র্যাঙ্গেলের দুর্দান্ত সেভে বেঁচে যায় মেক্সিকো।
শেষ ২০ মিনিটে চার গোল, উড়ে গেল বসনিয়া
সুইৎজ়ারল্যান্ড ৪-১ বসনিয়া
প্রথম ৭০ মিনিট পর্যন্ত বসনিয়ার বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারছিল না সুইৎজ়ারল্যান্ড। কিন্তু কোচ মুরাত ইয়াকিনের পরিবর্তনেই বদলে গেল ম্যাচের ছবি।
৭০ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন তিনি। মাঠে নেমেই জোড়া গোল করে নায়ক হয়ে ওঠেন জোহান মানজ়াম্বি। তাঁর সঙ্গে গোল করেন রুবেন ভারগাস। পরে বসনিয়ার তারিক মুহারেমোভিচ লাল কার্ড দেখলে আরও দুর্বল হয়ে পড়ে তারা।
ম্যাচের শেষ দিকে মানজ়াম্বি আবার গোল করেন। যদিও সংযুক্ত সময়ের তৃতীয় মিনিটে একটি গোল শোধ করে বসনিয়া, ততক্ষণে ম্যাচের ফল নিশ্চিত।
দক্ষিণ আফ্রিকা-চেকিয়া ম্যাচ ড্র
দক্ষিণ আফ্রিকা ১-১ চেকিয়া
দিনের আর এক ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও চেকিয়ার লড়াই শেষ হল ১-১ গোলে। প্রথমার্ধে চেকিয়া এগিয়ে যায় মিকাল সাদিলেকের গোলে। তবে দ্বিতীয়ার্ধে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা।
শেষ দিকে বক্সের মধ্যে হাতে বল লাগায় পেনাল্টি পায় তারা। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তেবোহো মোকোয়েনা।
ড্রয়ের ফলে কোনও দলই দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে যেতে পারল না। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে দক্ষিণ আফ্রিকার আক্রমণাত্মক ফুটবল নজর কেড়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?