গুঞ্জনের নায়িকা দিশা!
বলিউডের অন্দরমহলে এখন নতুন জুটির নাম ঘুরছে—দিশা পটানী ও পঞ্জাবি গায়ক তলবিন্দর সিংহ সিদ্ধু। নূপুর সেনন ও স্টেবিন বেনের বিয়ের আসর থেকেই নাকি এই প্রেমের গুঞ্জনের সূত্রপাত। যদিও দু’জনের কেউই এখনও প্রকাশ্যে কিছু বলেননি। তবু বয়সের ফারাক, পেশাগত সাফল্য আর সম্পত্তির অঙ্ক—সব মিলিয়ে কৌতূহল ক্রমেই বাড়ছে অনুরাগীদের।
দিশার থেকে বয়সে প্রায় পাঁচ বছরের ছোট তলবিন্দর। কিন্তু জনপ্রিয়তায় তিনি কোনও অংশেই পিছিয়ে নন। পঞ্জাবি লোকসঙ্গীতকে আধুনিক রঙে তুলে ধরার জন্য তাঁর আলাদা পরিচিতি তৈরি হয়েছে। সবচেয়ে মজার বিষয়, নিজের পরিচয় গোপন রাখতেই তিনি বেশির ভাগ সময় মুখ ঢেকে রাখেন। তাই বাস্তবে তাঁকে কেমন দেখতে, তা এখনও রহস্যই। যদিও নেটদুনিয়ার দাবি, নূপুরের বিয়েতে নাকি তাঁকে মাস্ক ছাড়া দেখা গিয়েছে।
তলবিন্দরের কেরিয়ার কিন্তু একেবারেই চমকপ্রদ। দেশ-বিদেশে নিয়মিত শো করেন তিনি। পঞ্জাবি ছবিতে গান গেয়েছেন, কাজ করেছেন কর্ণ অজুলা ও হানি সিংহের মতো তারকাদের সঙ্গে। ‘খয়াল’, ‘নশা’র মতো গান নতুন প্রজন্মের প্লেলিস্টে আজও দারুণ জনপ্রিয়। এই সাফল্যের জোরেই তলবিন্দরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১১.৫ কোটি টাকা বলে শোনা যাচ্ছে।
অন্য দিকে দিশা পটানী বলিউডের প্রতিষ্ঠিত নাম। অভিনয়ের পাশাপাশি তাঁর ফিটনেস, স্টাইল ও সোশ্যাল মিডিয়া প্রভাবও সমান আলোচিত। বর্তমান হিসাবে দিশার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭৫ কোটি টাকা। এক একটি ছবির জন্য তিনি নেন ৫ থেকে ৭ কোটি টাকা পারিশ্রমিক। পাশাপাশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে আয় করেন আরও ১ থেকে ১.৫ কোটি টাকা।
সম্পত্তির দিক থেকে দিশার জীবনযাপন বেশ ঝলমলে। মুম্বইয়ে তাঁর দু’টি বিলাসবহুল বাড়ি রয়েছে—একটির মূল্য প্রায় ৬ কোটি, অন্যটির প্রায় ৫ কোটি টাকা। গাড়ির সংগ্রহেও রয়েছে মার্সিডিজ় বেন্জ, রেঞ্জ রোভার ও অডির মতো দামি ব্র্যান্ড।
সব মিলিয়ে, সম্পত্তির অঙ্কে আপাতত দিশাই অনেকটাই এগিয়ে। তবে তলবিন্দরের কেরিয়ার যে দ্রুত গতিতে এগোচ্ছে, তা বলাই বাহুল্য। বয়সে ছোট হলেও প্রতিভা আর জনপ্রিয়তায় তিনি নিজস্ব জায়গা পাকা করে ফেলেছেন।
এই রহস্যময় জুটির প্রেমকাহিনি আদৌ সত্যি কি না, তা সময়ই বলবে। তবে দিশা ও তলবিন্দরের নাম একসঙ্গে জুড়ে যাওয়ার পর থেকেই যে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ বহুগুণ বেড়েছে, তা অস্বীকার করার উপায় নেই। অনুরাগীরা এখন শুধু অপেক্ষায়—কবে তাঁরা নিজেরাই এই সম্পর্ক নিয়ে মুখ খুলবেন?
‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা