পিতৃদিবসে ‘বাবা’ হয়ে বড়পর্দায় বিক্রম!
অভিনেতা Vikram Chatterjee এ বার একেবারে অন্য ভূমিকায়। প্রেমিক বা শহুরে নায়কের ইমেজ ছেড়ে তিনি আসছেন একজন বাবার চরিত্রে। পরিচালক Jeet Chakraborty-র নতুন ছবি Baba-তে কন্যাসন্তানের বাবার ভূমিকায় দেখা যাবে বিক্রমকে। পিতৃদিবস উপলক্ষে ১৯ জুন মুক্তি পাবে ছবিটি।
ছবির গল্পে রয়েছে আবেগ, লড়াই এবং এক বাবার সীমাহীন সুরক্ষাবোধ। অনাথ আশ্রমে বড় হওয়া এক তরুণ সাংবাদিক নিজের মতো করে নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখে। পরে বিয়ে, সংসার এবং কন্যাসন্তানের বাবা হওয়ার পর তার জীবন অন্য মোড় নেয়। হঠাৎই সে জড়িয়ে পড়ে এক শিশুপাচার চক্রের বিরুদ্ধে লড়াইয়ে। তখন সামনে আসে কঠিন প্রশ্ন— সাংবাদিকের দায়িত্ব বড়, না কি বাবার অনুভূতি?
ছবির ট্যাগলাইনই যেন সেই আবেগকে আরও তীব্র করে তোলে—
“সন্তানের জন্য মরার আগে দু’বার ভাবব না, আর মারার আগে একবারও ভাবব না।”
এই প্রথম পর্দায় বাবার চরিত্রে অভিনয় করছেন বিক্রম। বাস্তবেও সদ্য কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। মেয়ের নাম অশ্লেষা। সেই অভিজ্ঞতাই কি তাঁকে ছবির সঙ্গে আরও বেশি যুক্ত করেছে? অভিনেতা নিজেই স্বীকার করেছেন, বাবা-মেয়ের সম্পর্কের এই গল্প তাঁকে আলাদা ভাবে ছুঁয়ে গিয়েছে।
ছবিতে বিক্রমের সঙ্গে অভিনয় করেছেন Aparajita Adhya, Mamata Shankar, Kanchan Mullick, Biswanath Basu এবং আরও অনেকে। এই ছবির মাধ্যমে পরিচালনার পাশাপাশি প্রযোজনাতেও হাতেখড়ি হচ্ছে জিৎ চক্রবর্তীর।
মেয়েদের নিরাপত্তা নিয়ে সমাজে যে উদ্বেগ রয়েছে, সেই প্রসঙ্গও উঠে এসেছে বিক্রমের কথায়। তাঁর মতে, “নারী ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। মা, বোন, বন্ধু— আমাদের জীবনের ভাল দিকগুলো তাঁদের হাত ধরেই আসে। তাই তাঁদের ভাল রাখা আমাদের দায়িত্ব।”
পর্দার গল্পে তিনি কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন মেয়েকে রক্ষা করতে, তা জানা যাবে ছবি মুক্তির পর। তবে আপাতত ‘বাবা’ ছবির প্রথম ঝলকেই আবেগঘন এক লড়াইয়ের ইঙ্গিত মিলছে।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা