ইউপিআই লেনদেনে নতুন যুগ!
সোমবার (১৭ জুন) থেকে ভারতে ইউপিআই লেনদেনে এসেছে একাধিক পরিবর্তন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, ইউপিআই লেনদেনের গতি বাড়ানো হয়েছে এবং একইসঙ্গে কিছু নির্দিষ্ট ব্যবহারের সীমাও নির্ধারণ করা হয়েছে, যাতে গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত হয়।
আরও দ্রুত লেনদেন, কম সময় অপেক্ষা
এত দিন ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠালে পুরো লেনদেন প্রক্রিয়া এবং তার ‘স্ট্যাটাস’ পেতে ৩০ সেকেন্ড পর্যন্ত সময় লেগে যেত। এখন তা কমে এসে দাঁড়িয়েছে ১০-১৫ সেকেন্ডে। ফলে গ্রাহককে আর অধীরভাবে অপেক্ষা করতে হবে না। একইসঙ্গে ইউপিআই আইডি ভেরিফিকেশনেও এনেছে পরিবর্তন। আগে যেখানে সময় লাগত ১৫ সেকেন্ড, এখন তা হবে মাত্র ১০ সেকেন্ডে।
ব্যাঙ্ক ব্যালেন্স চেক—এ বার সীমার মধ্যে
নতুন নিয়মে সবচেয়ে উল্লেখযোগ্য বদল এসেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার ক্ষেত্রে। এত দিন পর্যন্ত দিনে যতবার ইচ্ছা গ্রাহকরা ইউপিআই অ্যাপে ব্যালেন্স দেখতে পারতেন। এখন থেকে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স চেক করা যাবে। এর ফলে সার্ভারের উপর চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
কেন এই পরিবর্তন?
প্রতি দিন ইউপিআই ব্যবহার করে দেশে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি টাকার লেনদেন করেন। এই বিপুল সংখ্যক ট্রান্সাকশনের ফলে অনেক সময় সার্ভার অতিরিক্ত চাপের মুখে পড়ে যায়, যার জেরে লেনদেনে বিলম্ব বা ব্যর্থতার ঘটনাও ঘটে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই মোদী সরকার ইউপিআই ব্যবস্থায় এই গতি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।
ইউপিআই-এর জনপ্রিয়তা ও ভবিষ্যৎ
ইউপিআই ভারতের ডিজিটাল অর্থনীতির অন্যতম স্তম্ভ হয়ে উঠেছে। রোজকার কেনাকাটা, বিল পেমেন্ট, ব্যক্তিগত লেনদেন থেকে শুরু করে রেস্টুরেন্ট, ট্রান্সপোর্ট সব ক্ষেত্রেই ইউপিআই নির্ভরতা বেড়েছে। আর তাই সরকার ও NPCI চাইছে এই ব্যবস্থাটিকে আরও সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করে তুলতে।
নতুন পরিবর্তনগুলির ফলে ব্যবহারকারীরা আরও দ্রুত ও নির্ভরযোগ্য পরিষেবা পাবেন, যদিও ব্যালেন্স চেক সীমিত হওয়া কিছু ব্যবহারকারীর জন্য অস্বস্তিকর হতে পারে। তবে সার্বিক ভাবে এটি ইউপিআই ব্যবস্থার স্থায়িত্ব ও গতি নিশ্চিত করার এক সাহসী পদক্ষেপ।
বিপন্ন ‘ওয়াই’ ক্রোমোজোম! পুরুষের ভবিষ্যৎ কি তবে বিবর্তনের ছাঁকনিতে?