আর্জেন্টিনার সাফল্য অনেকেরই সহ্য হয় না!
বিশ্বকাপে আর্জেন্টিনা নাকি বিশেষ সুবিধা পাচ্ছে— এমন অভিযোগ ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছে। তবে সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের আগে সেই সমালোচনাকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নন আর্জেন্টিনা কোচ লিয়োনেল স্কালোনি। বরং তাঁর দাবি, এই ধরনের মন্তব্য দলের ফুটবলারদের আরও বেশি অনুপ্রাণিত করছে।
বিশ্বকাপের সূচি থেকে শুরু করে রেফারিংয়ের কিছু সিদ্ধান্ত— সবকিছু নিয়েই সমাজমাধ্যমে নানা আলোচনা চলছে। অভিযোগ, আর্জেন্টিনার পথ তুলনামূলক সহজ করে দেওয়া হয়েছে। যদিও স্কালোনির মতে, এসবের কোনও বাস্তব ভিত্তি নেই।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত বিশ্বকাপ জয়ের পর থেকেই অনেকেই চান না আর্জেন্টিনা আবার ট্রফি জিতুক। তাঁর কথায়, “আমরা জানি কী ধরনের আলোচনা চলছে। কিন্তু এসব সমালোচনা আমাদের নিরুৎসাহিত করে না। বরং ফুটবলারদের আরও লড়াই করার শক্তি জোগায়।”
স্কালোনি মনে করিয়ে দেন, আর্জেন্টিনা সফল হলেই নানা বিতর্ক তৈরি হওয়া নতুন ঘটনা নয়। তিনি বলেন, “১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ের পরও নানা অভিযোগ উঠেছিল। এত বছর পরও একই চিত্র দেখা যাচ্ছে। আর্জেন্টিনা ভালো খেললেই কিছু মানুষ তা মেনে নিতে পারেন না। আমাদের সাফল্য অনেকেরই সহ্য হয় না।”
আর্জেন্টিনা কোচ আরও বলেন, বর্তমান ফুটবলে প্রযুক্তির ব্যবহার এতটাই উন্নত যে কোনও দলকে গোপনে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নেই। ভিএআর এবং অন্যান্য প্রযুক্তিগত ব্যবস্থার ফলে প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই একাধিকবার খতিয়ে দেখা হয়।
তাঁর বক্তব্য, “এখনকার ফুটবলে কোনও সিদ্ধান্তই একতরফা নেওয়া যায় না। টুর্নামেন্ট শুরুর আগেই সব নিয়ম পরিষ্কার করে জানানো হয়েছিল। তাই অযথা বিতর্ক তৈরি করার কোনও অর্থ নেই।”
স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া নানা মন্তব্য বা বিতর্ক নিয়ে তিনি কিংবা তাঁর দল সময় নষ্ট করতে চান না। ফুটবলারদেরও তিনি একই পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, ছোটখাটো বিষয়কে অকারণে বড় করে দেখানো হচ্ছে। তাই এসব নিয়ে না ভেবে সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচেই পুরো মনোযোগ রাখতে চাইছে আর্জেন্টিনা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?