সোনম ওয়াংচুকের পুরনো ভিডিও ঘিরে ফের প্রশ্নের মুখে ‘থ্রি ইডিয়ট্স’!
বলিউড অভিনেতা আমির খান সম্প্রতি দাবি করেছিলেন, ‘থ্রি ইডিয়ট্স’ ছবির কাজের সময় তিনি শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে চিনতেন না। কিন্তু সেই মন্তব্য প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় সোনমের একটি পুরনো ভিডিও। আর তা ঘিরেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
ভিডিয়োটিতে সোনম ওয়াংচুক জানান, ২০০৮ সালে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তাঁর সঙ্গে আমির খানের দেখা হয়েছিল। সেই সময় তিনি সিয়াচেন সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে একটি চলচ্চিত্র তৈরির প্রস্তাবও দিয়েছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, তিনি আমিরকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে সিয়াচেনে বিপুল অর্থ ব্যয় না করে যদি সেই অর্থ শিক্ষার উন্নয়নে ব্যবহার করা যায়, তবে তা দেশের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে। সোনমের দাবি, আমির তাঁর বক্তব্য মন দিয়ে শুনেছিলেন এবং তাঁর একটি প্রেজেন্টেশনও দেখেছিলেন। ভিডিওতে ওই অনুষ্ঠানের কিছু দৃশ্যও রয়েছে, যেখানে সোনম পুরস্কার গ্রহণ করছেন এবং দর্শকাসনে বসে আমিরকে হাততালি দিতে দেখা যাচ্ছে।
সোনম আরও বলেন, পরে তিনি উচ্চশিক্ষার জন্য ইউরোপে চলে যান। ২০০৯ সালের ডিসেম্বরে ‘থ্রি ইডিয়ট্স’ মুক্তির পর তাঁর বন্ধুদের কাছ থেকে একের পর এক ফোন ও বার্তা আসতে থাকে। অনেকেই তাঁকে জানান, ছবির ‘ফুনসুখ ওয়াংড়ু’ চরিত্র এবং ছবির কিছু অংশ নাকি তাঁর জীবন ও লাদাখে প্রতিষ্ঠিত স্কুল থেকে অনুপ্রাণিত।
এই কথা শুনে বিস্মিত হয়ে সোনম নিজের স্কুলে যোগাযোগ করেন। তখন তিনি জানতে পারেন, ছবির শুটিংয়ের জন্য একটি ইউনিট সেখানে গিয়েছিল। তবে স্কুল কর্তৃপক্ষ শুটিংয়ের অনুমতি দেয়নি। সোনমের দাবি, ইউনিটটি প্রচুর প্লাস্টিক সামগ্রী নিয়ে এসেছিল এবং নিজেদের প্রকল্প সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি। পরে কাছাকাছি অন্য একটি স্কুলে শুটিং করা হয়।
এই পুরনো ভিডিও সামনে আসতেই সমাজমাধ্যমে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। অনেকের প্রশ্ন, যদি ২০০৮ সালেই আমির ও সোনমের সাক্ষাৎ হয়ে থাকে এবং ছবির শুটিংয়ের জন্য তাঁর স্কুলেও যাওয়া হয়ে থাকে, তাহলে পরে আমির কীভাবে দাবি করেন যে তিনি সোনমকে চিনতেন না? একাধিক নেটাগরিক এই অসঙ্গতির দিকে আঙুল তুলেছেন।
অন্যদিকে, আমিরের সমর্থকরাও পাল্টা যুক্তি দিয়েছেন। তাঁদের মতে, একজন জনপ্রিয় অভিনেতার প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে দেখা হয়। এত বছর পরে প্রত্যেকের সঙ্গে হওয়া প্রতিটি সাক্ষাৎ মনে রাখা সম্ভব নয়। তাই আমিরের বক্তব্যকে ভুলে যাওয়া হিসেবেই দেখা উচিত, ইচ্ছাকৃত অস্বীকার হিসেবে নয়।
উল্লেখ্য, সম্প্রতি আমির খান স্পষ্ট জানিয়েছেন, ‘থ্রি ইডিয়ট্স’-এর চিত্রনাট্য তৈরির সময় তিনি বা ছবির নির্মাতারা সোনম ওয়াংচুকের কাজ সম্পর্কে অবগত ছিলেন না। একই সঙ্গে তিনি ওয়াংচুকের শিক্ষা ও সমাজসেবামূলক উদ্যোগের প্রশংসা করেছেন এবং তাঁর চলমান আন্দোলনের প্রতিও সমর্থন জানিয়েছেন। তবে ভাইরাল হওয়া পুরনো ভিডিওর জেরে সেই বক্তব্য ঘিরে বিতর্ক আপাতত থামার কোনও লক্ষণ নেই।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?