কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে বিতর্কের মাঝেই স্ত্রীকে নিয়ে কী বললেন যশ
‘টক্সিক’ নিয়ে আলোচনা থামছেই না। ছবির ঝলকে যশের একাধিক লুক যেমন নজর কেড়েছে, তেমনই কিয়ারা আডবাণীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এর মধ্যেই ছবির প্রচার অনুষ্ঠানে নিজের স্ত্রী রাধিকা পণ্ডিতের প্রশংসায় পঞ্চমুখ হলেন যশ। জানালেন, তাঁর সঙ্গে সংসার করা মোটেই সহজ নয়।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’কে নিজের কেরিয়ারের অন্যতম কঠিন কাজ বলে জানিয়েছেন যশ। শনিবার বেঙ্গালুরুতে ছবির প্রচার-ঝলক প্রকাশের অনুষ্ঠানে অভিনেতা জানান, ছবির বিভিন্ন পর্যায়ের জন্য তাঁকে একাধিক লুকে দেখা যাবে। সেই চেহারা তৈরি করতে দীর্ঘ সময় ধরে শরীর ও চেহারার উপর কঠোর পরিশ্রম করতে হয়েছে তাঁকে।
এই দীর্ঘ প্রস্তুতি এবং শুটিংয়ের সময় স্ত্রী রাধিকা তাঁর পাশে ছিলেন বলে জানিয়েছেন যশ।
অভিনেতার কথায়, ‘‘আমি আমার স্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। আমার সঙ্গে থাকা একেবারেই সহজ কাজ নয়। আমার সঙ্গে ঘর করা বেশ কঠিন। এই ছবিটা সত্যিই খুব কঠিন ছিল। নিজের স্বাচ্ছন্দ্যের সীমা পেরিয়ে গিয়ে কাজ করেছি। ছবিতে আমার দু’-তিনটি আলাদা লুক ছিল এবং তার জন্য অনেকটা সময় দিতে হয়েছে। এই পুরো সময়টা রাধিকা আমার পাশে ছিল।’’
কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও মুখ খুললেন যশ
‘টক্সিক’-এর ‘তবাহী’ গানে যশ ও কিয়ারা আডবাণীর ঘনিষ্ঠ দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকেই সমাজমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ছবিটিকে কেউ কেউ অতিরিক্ত হিংস্র এবং নারীবিদ্বেষী বলেও মন্তব্য করেছেন।
ছবির ঝলক প্রকাশ অনুষ্ঠানে কিয়ারার কাজের প্রশংসা করেন যশ। অভিনেত্রীর উদ্দেশে তিনি বলেন, “একজন অভিনেতা হিসাবে তোমাকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সেগুলি নিয়ে মাথা ঘামাবে না। তুমি যা বিশ্বাস করো, সেটাই করো। মানুষ একদিন সেটার প্রশংসা করবে, উদ্যাপনও করবে। আসলে আমরা সময়ের থেকে একটু এগিয়ে আছি।”
অর্থাৎ, ছবির কিছু দৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হলেও সেই সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজের প্রতি বিশ্বাস রাখার পরামর্শই কিয়ারাকে দিয়েছেন যশ।
একাধিক ভাষায় মুক্তি
‘টক্সিক’-এর শুটিং হয়েছে ইংরেজি এবং কন্নড় ভাষায়। পরে হিন্দি, তেলুগু, তামিল এবং মলয়ালম ভাষাতেও ছবিটি মুক্তি পাওয়ার কথা।
যশ ও কিয়ারা ছাড়াও ছবিতে রয়েছেন নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরৈশী। আগামী ২৬ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘টক্সিক’-এর।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।