আমাজ়নের জঙ্গলে স্বপ্নভঙ্গ!
বিশ্বের অন্যতম সফল শিল্পপতি হেনরি ফোর্ড। যিনি গণহারে গাড়ি উৎপাদনের মাধ্যমে বদলে দিয়েছিলেন আধুনিক শিল্পের ইতিহাস, সেই মানুষটিই একবার এমন এক স্বপ্ন দেখেছিলেন, যা শেষ পর্যন্ত প্রকৃতি আর সংস্কৃতির কাছে হার মানে। আমাজ়নের গহিন অরণ্যে গড়ে ওঠা পরিত্যক্ত শহর ‘ফোর্ডল্যান্ডিয়া’ আজও সেই ব্যর্থতার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
১৯২০–এর দশকে ফোর্ড মোটর কোম্পানির সাফল্য তখন তুঙ্গে। গাড়ি তৈরির প্রায় সব কাঁচামাল নিজেরাই উৎপাদন করতেন ফোর্ড, শুধু রাবার বাদে। ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উপর রাবারের জন্য নির্ভরশীল থাকতে তিনি রাজি ছিলেন না। সেই নির্ভরতা কাটাতেই তাঁর নজর পড়ে ব্রাজ়িলের আমাজ়ন অববাহিকায়। সেখানেই তিনি গড়ে তুলতে চেয়েছিলেন এক স্বয়ংসম্পূর্ণ শহর—কারখানা, আবাসন, হাসপাতাল, স্কুল, বিনোদন—সব কিছু মিলিয়ে এক ‘আমেরিকান আদর্শ নগরী’।
১৯২৮ সালে ব্রাজ়িল সরকারের কাছ থেকে প্রায় ২৫ লক্ষ একর জমি কিনে শুরু হয় ফোর্ডল্যান্ডিয়ার নির্মাণ। পরিকল্পনা ছিল রাবার গাছের বিশাল বাগান তৈরি করে সেখান থেকে কাঁচামাল সংগ্রহ করা। শ্রমিকদের জন্য ছিল ভালো বেতন, আট ঘণ্টার কাজ, আধুনিক হাসপাতাল, সুইমিং পুল, এমনকি গল্ফ কোর্সও। কাগজে-কলমে ফোর্ডল্যান্ডিয়া ছিল স্বপ্নের শহর।
কিন্তু বাস্তবতা ছিল একেবারেই আলাদা। আমাজ়নের প্রকৃতি ফোর্ডের পরিকল্পনাকে সহজে মেনে নেয়নি। অনভিজ্ঞ ব্যবস্থাপনায় ঘন করে লাগানো রাবার গাছে দ্রুত ছত্রাক, পোকামাকড় আর রোগ ছড়িয়ে পড়ে। উৎপাদন আশানুরূপ তো হলই না, উল্টে পুরো বাগানই বিপর্যস্ত হয়ে পড়ে।
এর পাশাপাশি শুরু হয় সাংস্কৃতিক সংঘাত। ব্রাজ়িলীয় শ্রমিকদের জীবনযাপন আর ফোর্ডের চাপিয়ে দেওয়া আমেরিকান নিয়মের মধ্যে ছিল বিস্তর ফারাক। দুপুরে বিশ্রামের অভ্যাস, মাংসভোজী খাদ্য, সামাজিক রীতিনীতি—সব কিছুর উপর নিষেধাজ্ঞা জারি হয়। মদ্যপান নিষিদ্ধ, খাবারে নিরামিষ বাধ্যতামূলক—এসব নিয়ে শ্রমিকদের অসন্তোষ দ্রুত দানা বাঁধে।
১৯৩০ সালে সেই অসন্তোষ বিস্ফোরণে রূপ নেয়। ক্ষুব্ধ শ্রমিকেরা দাঙ্গা শুরু করে, শহর জুড়ে ভাঙচুর চালায়। আমেরিকান কর্মীরা প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য হন। পরিস্থিতি সামাল দিতে ব্রাজ়িলের সেনা নামাতে হয়।
ফোর্ড হাল ছাড়েননি। আরও টাকা ঢালেন, নতুন করে চেষ্টা করেন। কিন্তু প্রকৃতি আর মানুষের মন—দুটোই তাঁর বিরুদ্ধে ছিল। শেষ পর্যন্ত ১৯৪৫ সালে স্বীকার করতে হয় পরাজয়। ফোর্ডল্যান্ডিয়া প্রকল্প বন্ধ করে জমি আবার ব্রাজ়িল সরকারকে ফিরিয়ে দেন তিনি। প্রায় ২ কোটি ডলারের ক্ষতি হয়েছিল—আজকের মূল্যে যা কয়েক গুণ বেশি।
সবচেয়ে আশ্চর্যের কথা, যে শহর গড়ে তোলার স্বপ্নে এত কিছু করলেন হেনরি ফোর্ড, সেখানে তিনি নিজে কোনও দিন পা-ই রাখেননি। আজ আমাজ়নের জঙ্গলে দাঁড়িয়ে থাকা ফোর্ডল্যান্ডিয়ার ধ্বংসস্তূপ শুধু একটি শহরের নয়—অহংকার, ভুল ধারণা আর প্রকৃতিকে অবহেলা করার এক ঐতিহাসিক ব্যর্থতার স্মারক।
ভিন্রাজ্যের ভোটারদের স্বস্তি: শুনানিতে হাজিরা নয়, অনলাইনেই জমা দেওয়া যাবে নথি