আবার কি র্যাকেট হাতে সেরিনা?
দুই সন্তানের মা, ঘরের মানুষ, আবারও কি কোর্টের রানী? সেরিনা উইলিয়ামসকে ঘিরে এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে টেনিস দুনিয়ায়। সম্প্রতি ডোপ পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর থেকেই জল্পনা আরও তীব্র—৪৪ বছর বয়সে আবার কি পেশাদার টেনিসে ফিরছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা?
২০২২ সালের ইউএস ওপেনের পর প্রতিযোগিতামূলক টেনিসকে বিদায় জানিয়েছিলেন সেরিনা। তখন থেকেই তিনি বারবার বলেছেন, তাঁর জীবনের এই অধ্যায় শেষ। কিন্তু সময় বদলায়, মানুষও বদলায়। গত ডিসেম্বরে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি জানায়, সেরিনার নাম আবার ড্রাগ টেস্টিং পুলে যুক্ত হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতায় ফিরতে হলে অন্তত ছ’মাস এই টেস্টিং পুলে থাকতে হয়। এই খবর সামনে আসতেই প্রশ্ন উঠেছে—তবে কি ‘বিদায়’ আসলে পুরোপুরি ছিল না?
সেরিনা অবশ্য ধোঁয়াশা বজায় রেখেছেন। সম্প্রতি ‘টুডে শো’-তে সাক্ষাৎকারে তাঁকে সরাসরি প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ‘হ্যাঁ’ বা ‘না’ বলেননি। হেসে বলেন, “আমি জানি না। দেখা যাক কী হয়।” সঞ্চালক সাভানা গুথরি আবার প্রশ্ন করতেই সেরিনার প্রতিক্রিয়া আরও মানবিক—“আমি এখন জীবনটা উপভোগ করছি, মজা করছি। এটা এক কথায় উত্তর দেওয়ার বিষয় নয়।”
সবচেয়ে কৌতূহলোদ্দীপক মুহূর্ত আসে যখন সেরিনা জানান, ডোপ পরীক্ষার একটি ফর্মে নিজের পেশার জায়গায় তিনি লিখেছেন—‘হাউসওয়াইফ’। তাঁর কথায়, “আমার দুই সন্তান আছে। আমি এখন পুরো সময়ের গৃহবধূ।” এই স্বীকারোক্তি যেমন হৃদয় ছুঁয়েছে, তেমনই প্রশ্নও বাড়িয়েছে—তাহলে কেন আবার টেস্টিং পুলে নাম লেখানো?
এই রহস্যের জবাবে সেরিনা আরও একবার হাসিমুখে এড়িয়ে যান। বলেন, “আমি কি আবার টেনিসে ফিরছি? আমি নিজেই জানি না যে, কখন আমি এর বাইরে ছিলাম। এ নিয়ে এখন কিছু বলতে পারব না।” সেরিনার এই ‘জানি না’-তেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ইঙ্গিত—তিনি কিছুই পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না।
টেনিস মহলেও প্রত্যাশার পারদ চড়ছে। বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কা সেরিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বসিত। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠার পর তিনি বলেন, “সেরিনাকে আবার ট্যুরে দেখা গেলে দারুণ হবে। ও যা করলে খুশি হয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে ফিরলে সেটা নিঃসন্দেহে বিশেষ কিছু হবে।”
সেরিনা ফিরবেন কি না—এই প্রশ্নের উত্তর আজও অজানা। কিন্তু তাঁর রহস্যময় হাসি, ‘হাউসওয়াইফ’ পরিচয়ের আড়ালে জমা দেওয়া ফর্ম, আর ‘দেখা যাক’—এই তিনেই আবার নতুন করে স্বপ্ন দেখছে টেনিস দুনিয়া।
‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা