অনীতের জন্মদিনে অহানের আবেগঘন বার্তা!
‘সইয়ারা’ ছবিতে একসঙ্গে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন অহান পাণ্ডে ও অনীত পদ্দা। ২০২৫ সালে মুক্তি পাওয়া ছবিটির পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। এ বার অনীতের জন্মদিনে অহানের আবেগঘন শুভেচ্ছাবার্তা সেই জল্পনাকে আরও উস্কে দিল। তবে কি এ বার নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন দুই তারকা?
মঙ্গলবার ছিল অনীতের জন্মদিন। বিশেষ দিনে সহ-অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি ও ভিডিয়ো ভাগ করে নেন অহান। সেখানে অনীতের বেশ কিছু অদেখা মুহূর্তের পাশাপাশি একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবিও দেখা গিয়েছে। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে অহানের লেখা বার্তা।
অনীতকে ‘ব্রহ্মাণ্ডের উপহার’ বলে উল্লেখ করে অভিনেতা লেখেন, “তুমি আসলে ব্রহ্মাণ্ডের উপহার, অনীত। তোমার ছোঁয়ায় সব কিছু যেন ধুলোয় পরিণত হয়। তুমি যেমন এই বিশ্বের প্রতি কোমল ও কমনীয়, এই বিশ্বব্রহ্মাণ্ডও যেন সব সময়ে তোমার প্রতি তেমনই কোমল থাকে।” অনীতকে নিজের চারপাশে আলো ছড়িয়ে দেওয়ার ক্ষমতার কথা মনে করিয়ে দিয়ে জন্মদিনের শুভেচ্ছাও জানান তিনি।
অহানের এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয় আলোচনা। কেউ তাঁদের সম্পর্কের ইঙ্গিত খুঁজেছেন, কেউ আবার অভিনেতার লেখা বার্তার প্রশংসা করেছেন। একাংশের প্রশ্ন, এই আবেগঘন শুভেচ্ছাই কি তাঁদের প্রেমের সম্পর্কের স্বীকারোক্তি? যদিও অনুরাগীদের অনুমান নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অহান বা অনীত। নিজেদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও করেননি তাঁরা।
এর আগে এক সাক্ষাৎকারে সম্পর্কের জল্পনা নিয়ে মুখ খুলেছিলেন অহান। অনীতকে নিজের ‘সবচেয়ে ভাল বন্ধু’ বলে উল্লেখ করে তিনি জানিয়েছিলেন, সমাজমাধ্যমে অনেকেই তাঁদের প্রেমের সম্পর্কে রয়েছেন বলে মনে করলেও বাস্তবটা তেমন নয়। তাঁর বক্তব্য, পর্দায় দু’জনের রসায়ন ভাল হলেই যে বাস্তবেও প্রেমের সম্পর্ক থাকবে, এমন কোনও কথা নেই।
অহানের কথায়, একে অপরের সঙ্গে স্বচ্ছন্দ বোধ করা, নিরাপদ অনুভব করা এবং মনের কথা খোলাখুলি বলতে পারাও সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক। অনীত তাঁর প্রেমিকা না হলেও, তাঁর সঙ্গে যে বিশেষ বন্ধন রয়েছে, তা অন্য কারও সঙ্গে কখনও হবে না বলেও জানিয়েছিলেন অভিনেতা।
ফলে জন্মদিনের শুভেচ্ছাবার্তা ঘিরে নতুন করে প্রেমের জল্পনা তৈরি হলেও, অহানের আগের বক্তব্য এবং দু’জনের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।